মঙ্গলবার, ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

মনিরুল ইসলাম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: নানা প্রকার দুর্নীতি ও অনিয়মের অভিযোগে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ঝিকিড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.টি.এম. আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজ্জু করা হয়েছে। রাজশাহী বিভাগের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিভাগীয় উপপরিচালক মো. সানাউল্লাহ স্বাক্ষরিত এক আদেশে গত ৫ মার্চ এ বিভাগীয় মামলা দায়ের করা হয়।

জানা গেছে, প্রধান শিক্ষক এ.টি.এম. আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে বিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রমে অনিয়ম, আর্থিক দুর্নীতি এবং প্রশাসনিক বিধি লঙ্ঘনের একাধিক অভিযোগ ওঠে। এসব অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় তার বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজ্জু করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। বিভাগীয় আদেশে বলা হয়েছে, অভিযোগসমূহ তদন্তের মাধ্যমে যাচাই-বাছাই করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ঘটনায় শিক্ষা মহলে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। উল্লাপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মুস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ঝিকিড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ. টি. এম. আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজ্জু হয়েছে। বিভাগীয় কার্যালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে এবং পরবর্তী প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম চলমান রয়েছে।

উল্লেখ্য, সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ঝিকিড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ. টি. এম. আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে পঞ্চম শ্রেণি উত্তীর্ণ শিক্ষার্থীদের প্রশংসা পত্র দেওয়ার সময় অভিভাবকদের কাছ থেকে অর্থ আদায় ও বিভিন্ন অনিয়মের অভিযোগ ওঠে। অভিযোগটি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেয় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়