জোরপূর্বক জমি দখলের অভিযোগ, ভুক্তভোগী চা দোকানদার পরিবার চরম নিরাপত্তাহীনতায়
মো: শিহাব উদ্দিন, গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জ পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডে জোরপূর্বক জমি দখল ও প্রাণনাশের হুমকির গুরুতর অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ইসমাইল হোসেন অভিযোগ করে জানান, তার প্রতিবেশী শামসুন্নাহার পলি অবৈধভাবে তার নিজস্ব জমির ভেতরে প্রায় ৩ ফুট জায়গা দখল করে বহুতল ভবন নির্মাণ করেছেন। ইসমাইল হোসেন সাংবাদিকদের বলেন, “আমি একজন সাধারণ চা দোকানদার। কষ্ট করে কেনা অল্প জমিই আমার সম্বল। সেই জমির ভেতরে জোর করে পলি বেগম বিল্ডিং তুলেছে।
আমি প্রতিবাদ করলে আমাকে ও আমার পরিবারকে জানে মারার হুমকি দেওয়া হয়।” ভুক্তভোগীর অভিযোগ, বিষয়টি নিয়ে তিনি একাধিকবার পৌরসভায় লিখিত দরখাস্ত দিলেও আজ পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে তিনি ও তার পরিবার চরম দুশ্চিন্তা ও নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন।
এলাকাবাসীর অনেকেই জানান, প্রভাবশালী হওয়ায় অভিযুক্ত পক্ষ প্রকাশ্যে নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে, যা এলাকায় ক্ষোভের সৃষ্টি করেছে। স্থানীয়রা অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। ভুক্তভোগী ইসমাইল হোসেন প্রশাসনের কাছে জোর দাবি জানিয়ে বলেন, “আমি ন্যায়বিচার চাই। অবৈধ দখল উচ্ছেদ করে আমার জমি ফিরিয়ে দেওয়া হোক এবং আমার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা হোক।” এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ এখন সময়ের দাবি বলে মনে করছেন সচেতন মহল।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।