ভোটকেন্দ্রে শিশুর জন্ম, নাম রাখা হলো ‘খালেদা জিয়া’
সংবাদের আলো ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনে ভোট দিতে এসে কেন্দ্রেই কন্যাসন্তানের জন্ম দেন এক গৃহবধূ। পরে পরিবারের সিদ্ধান্তে নবজাতকের নাম রাখা হয় ‘খালেদা জিয়া’। ঘটনাটি ঘিরে এলাকায় সৃষ্টি হয়েছে উৎসবের আমেজ।
রোববার বিকেলে সিরাজগঞ্জ জেলা প্রশাসক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জেলা রির্টানিং কর্মকর্তা আমিনুল ইসলাম প্রসূতি মা আম্বিয়া খাতুন ও নবজাতক শিশুকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খালেক পাটোয়ারী, সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদ রানা এবং জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
আম্বিয়া খাতুনের হাতে একটি বাঁধাই করা জন্মসনদ ও সদ্যোজাত শিশুর যত্নের প্রয়োজনীয় সামগ্রী ও নগদ অর্থ তুলে দেন জেলা প্রশাসক। ওই জন্মসনদে শিশুটির নাম রাখা হয়েছে ‘খালেদা’।
বৃহস্পতিবার সকালে রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের বেঙনাই সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে সন্তান প্রসব করেন আম্বিয়া খাতুন। পরে পরিবার ও স্বজনেরা নবজাতকের নাম রাখেন ‘বেগম খালেদা জিয়া’। বর্তমানে মা ও শিশু দুজনেই সুস্থ আছেন।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।