নির্বাচনে সব বাহিনীকে সমন্বিতভাবে কাজ করতে হবে: সেনাপ্রধান
সংবাদের আলো ডেস্ক: সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, “নির্বাচনী দায়িত্ব পালনের সময় পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও শৃঙ্খলা বজায় রাখা অত্যন্ত জরুরি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব বাহিনীকে সমন্বিতভাবে কাজ করতে হবে।”
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা তদারকিতে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) শরীয়তপুর জেলা পরিদর্শন করেন তিনি।
সফরের অংশ হিসেবে শরীয়তপুর জেলা সার্কিট হাউজের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় অংশ নেন সেনাপ্রধান। সভায় সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও শরীয়তপুর, ফরিদপুর ও মুন্সিগঞ্জ জেলার প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে নিরাপত্তা পরিকল্পনা, মাঠপর্যায়ের প্রস্তুতি এবং বিভিন্ন বাহিনীর মধ্যে সমন্বয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় সেনাপ্রধান আরও বলেন, “নির্বাচনী দায়িত্ব পালনের সময় ধৈর্য ধারণ এবং নাগরিকবান্ধব আচরণ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো পরিস্থিতিতেই দায়িত্ব পালনে শৈথিল্য দেখানো যাবে না।”
পরিদর্শনের অংশ হিসেবে সেনাপ্রধান ‘ইন এইড টু দ্য সিভিল পাওয়ার’-এর আওতায় নির্বাচনী নিরাপত্তায় মোতায়েন সেনাসদস্যদের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি দায়িত্বপ্রাপ্ত সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন এবং মাঠপর্যায়ের প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেন।
সফরকালে জেনারেল অফিসার কমান্ডিং (আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড), মাস্টার জেনারেল অব অর্ডন্যান্স, ৯ পদাতিক ডিভিশনের জিওসি ও সাভার এরিয়া কমান্ডারসহ সেনাসদর এবং স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।