নওগাঁয় জামায়াতে যোগ দিলেন পাঁচ হিন্দু যুবক
সংবাদের আলো ডেস্ক: নওগাঁর নিয়ামতপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আদর্শে অনুপ্রাণিত হয়ে পাঁচ হিন্দু যুবক দলটিতে যোগ দিয়েছেন। রবিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার গুজিশহর উচ্চ বিদ্যালয় মাঠে বাহাদুরপুর ইউনিয়ন জামায়াত আয়োজিত এক নির্বাচনী সভায় তাঁরা আনুষ্ঠানিকভাবে যোগদানের ঘোষণা দেন।
এ সময় নওগাঁ–১ (পোরশা, সাপাহার ও নিয়ামতপুর) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাহবুবুল আলম তাঁদের ফুলের মালা পরিয়ে দলে স্বাগত জানান।
জামায়াতে যোগ দেওয়া যুবকেরা হলেন শ্রীমন্তপুর ইউনিয়নের গোল স্কুলপাড়া গ্রামের কালিদাস, শুভ, খলিল, সজিব রায় ও রাজকুমার।
দলে যোগ দেওয়ার অনুভূতি প্রকাশ করে রাজকুমার জানান, বর্তমানে দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে জামায়াতে ইসলামীর আদর্শ তার ভালো লেগেছে। দলটির বক্তব্য ও কর্মকাণ্ডের সঙ্গে তিনি সামঞ্জস্য খুঁজে পেয়েছেন বলেই জামায়াতে যোগ দিয়েছেন এবং ভবিষ্যতে এই দলের সঙ্গে থেকেই রাজনীতি করতে চান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মাহবুবুল আলম বলেন, ‘আগামীর বাংলাদেশে বিভাজনের রাজনীতি থাকবে না। সবাইকে সঙ্গে নিয়েই নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে।’ তিনি বলেন, জামায়াতের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দলে যোগ দিচ্ছেন। তাঁর মতে, জনগণ পরিবর্তন দেখতে চায় এবং সেই পরিবর্তনের প্রত্যাশা পূরণে জামায়াতে ইসলামীর ভূমিকা থাকবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব বিভাগের যুগ্ম সদস্যসচিব নিশাদ আহমেদ, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা নওশাদ আলী, নিয়ামতপুর উপজেলা জামায়াতের আমির আফজাল হোসেন, নওগাঁ অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য এস এম জুবায়ের এবং নিয়ামতপুর উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আবু তাহেরসহ স্থানীয় নেতারা।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।