পাবনায় গরু চুরি আতঙ্কে উত্তাল এলাকা, গণপিটুনিতে যুবকের মৃত্যু
পাবনা প্রতিনিধি: পাবনার সুজানগর উপজেলায় দীর্ঘদিন ধরে চলমান গরু চুরির আতঙ্কের মধ্যেই চরম সহিংসতার ঘটনা ঘটেছে। গরু চুরির সন্দেহে স্থানীয়দের গণপিটুনিতে সাগর শেখ ওরফে মাসুদ রানা (২৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) ভোরে তাঁতিবন্ধ ইউনিয়নের রেলস্টেশনসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। পরে দুপুর ১২টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
নিহত সাগর শেখ নাজিরগঞ্জ ইউনিয়নের হাসামপুর গ্রামের আব্দুল মতিন শেখের ছেলে। তিনি পেশায় কাঠমিস্ত্রি ছিলেন এবং পাশাপাশি ভ্যানচালক হিসেবে কাজ করতেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোর আনুমানিক ৪টার দিকে সাগর শেখ আরও দুই থেকে তিনজন সহযোগী নিয়ে তাঁতিবন্ধ স্টেশন এলাকার নজরুল ইসলামের বাড়িতে গরু চুরির চেষ্টা করেন। এ সময় বাড়ির মালিকের ছেলে মনিরুল ইসলাম বিষয়টি টের পেয়ে চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে আসে।
পরে স্থানীয়রা সাগরকে আটক করে মারধর শুরু করলে তিনি গুরুতর আহত হন। একপর্যায়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ জানায়, নিহতের শরীরজুড়ে অর্ধশতাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মাথা ও পায়ের একাধিক স্থানে ধারালো অস্ত্রের আঘাতও রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। খবর পেয়ে সুজানগর থানা পুলিশ মঙ্গলবার দুপুরে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়।
এলাকাবাসীর অভিযোগ, পাবনা সদর ও আশপাশের বিভিন্ন ইউনিয়নে গরু চুরির ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েছে। এতে কৃষক ও খামারিরা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং অনেকেই রাত জেগে গবাদিপশু পাহারা দিতে বাধ্য হচ্ছেন। স্থানীয়দের একাংশের দাবি, প্রশাসনের পর্যাপ্ত নজরদারি না থাকায় চোরচক্র আরও সক্রিয় হয়ে উঠেছে। তাঁতিবন্ধ এলাকায় কিছু প্রভাবশালী মহলের ইন্ধনে প্রায়ই গরু চোরদের আনাগোনা দেখা যায় বলেও অভিযোগ রয়েছে।
চুরির সময় ধরা পড়ায় ক্ষুব্ধ জনতা সহিংস হয়ে ওঠে। সুজানগর সার্কেলের সহকারী পুলিশ সুপার সাদিক আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে গরু চুরির অভিযোগে গণপিটুনিতে ওই যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, আইন নিজের হাতে তুলে নেওয়া দণ্ডনীয় অপরাধ।
ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্লেখ্য, পাবনা সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নে গত দেড় বছরে শতাধিক গরু চুরির ঘটনা ঘটেছে। এ পরিস্থিতির প্রতিবাদ জানিয়ে সম্প্রতি এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করে। সর্বশেষ সোমবার (১২ জানুয়ারি) রাতেও চরতারাপুর ইউনিয়নের কাঁচিপাড়া এলাকা থেকে দুটি গরু চুরির ঘটনা ঘটে। এতে পুরো জেলাজুড়েই খামারি ও কৃষকদের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।