কুড়িগ্রামে বৃষ্টির মতো ঝরছে কুয়াশা, দিনে হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন
সংবাদের আলো ডেস্ক: কুড়িগ্রামে ঘন কুয়াশা ও হিমেল বাতাসের দাপটে চরম ভোগান্তিতে পড়েছে জনজীবন। বৃষ্টির ফোঁটার মতো ঝরছে কুয়াশা। জেলার তাপমাত্রা নেমে এসেছে ১০ ডিগ্রি সেলসিয়াসে। তীব্র শীত ও কুয়াশার কারণে সকাল থেকে দুপুর পর্যন্ত সূর্যের দেখা মিলছে না।
ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। সড়কে যান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছেন না। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ, দিনমজুর ও নিম্নআয়ের পরিবারগুলো।
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের বাসিন্দা ছকিলা, মমেনা ও রোকেয়া বলেন, প্রচণ্ড শীতে তারা চরম কষ্টে দিন কাটাচ্ছেন। পর্যাপ্ত শীতবস্ত্র না থাকায় শিশু ও বৃদ্ধদের নিয়ে সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে। রাতে শীতের তীব্রতা আরও বেড়ে যায় বলে জানান তারা।
আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিন তাপমাত্রা আরও কমতে পারে এবং কুয়াশার প্রবণতা অব্যাহত থাকতে পারে। এদিকে শীতার্ত মানুষের জন্য দ্রুত ত্রাণ ও শীতবস্ত্র বিতরণের দাবি জানিয়েছে স্থানীয়রা।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।