লালমনিরহাটে জামায়াতের বহিষ্কৃত নেতা বিএনপিতে যোগদান
লালমনিরহাট প্রতিনিধি: জামায়াতের বহিষ্কৃত নেতা ও এবি পার্টির কেন্দ্রীয় কমিটির সহকারী সদস্যসচিব এবং রংপুর বিভাগীয় যুগ্ম আহ্বায়ক আবদুল লতিফ মাস্টার বিএনপিতে যোগ দিয়েছেন।
সোমবার সকালে লালমনিরহাট-২ (আদিতমারী–কালীগঞ্জ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী রোকন উদ্দিন বাবুলের হাতে এক গুচ্ছ ধানের শীষ তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে তিনি বিএনপিতে যোগদান করেছেন। আবদুল লতিফ মাস্টার একসময় কালীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির ছিলেন। দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে ২০১৯ সালে তাঁকে সংগঠন ও পদ থেকে বহিষ্কার করা হয়।
এর আগে তিনি ২০১৪ সালে জামায়াত সমর্থিত প্রার্থী হিসেবে কালীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। লালমনিরহাট জেলা জামায়াতের সেক্রেটারি ও লালমনিরহাট-২ আসনের দলীয় প্রার্থী ফিরোজ হায়দার জানান, ২০১৯ সালে সংগঠন পরিপন্থী কর্মকাণ্ডের কারণে আবদুল লতিফ মাস্টারকে কালীগঞ্জ উপজেলা আমিরের পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছিল। পরবর্তীতে তিনি এবি পার্টিতে যোগ দেন।
এ বিষয়ে লালমনিরহাট-২ আসনে বিএনপির প্রার্থী রোকন উদ্দিন বাবুল বলেন, আবদুল লতিফ মাস্টার স্বেচ্ছায় এবি পার্টি ত্যাগ করে বিএনপিতে যোগ দিয়েছেন এবং ধানের শিষের পক্ষে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন। আবদুল লতিফ মাস্টার বলেন, দেশের মানুষের কল্যাণ ও এলাকার উন্নয়নের লক্ষ্যে তিনি বিএনপিতে যোগ দিয়েছেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রোকন উদ্দিন বাবুলের পক্ষে সক্রিয়ভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।