জালনোট অর্থনীতির নীরব ঘাতক, কুড়িগ্রামে জনসচেতনতা কর্মশালা
রতন রায়, স্টাফ রিপোর্টার: দেশের অর্থনৈতিক নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতার জন্য জালনোট একটি মারাত্মক হুমকি—এমন মন্তব্য করে বক্তারা বলেছেন, জালনোট ক্যান্সারের মতো ভয়ানক ব্যাধি, যা ব্যক্তি থেকে শুরু করে রাষ্ট্রীয় অর্থনীতিকেও ধ্বংসের দিকে ঠেলে দেয়। জালনোট প্রতিরোধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হলে সর্বস্তরের মানুষকে সচেতন হতে হবে।
সোমবার (আজ) দুপুরে কুড়িগ্রাম জেলা পরিষদের কনফারেন্স রুমে জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ব্যাংক, রংপুর-এর তত্ত্বাবধানে এবং সোনালী ব্যাংক পিএলসি, প্রিন্সিপাল অফিস কুড়িগ্রামের ব্যবস্থাপনায় এ কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক, রংপুর-এর পরিচালক মোঃ দেওয়ান সিরাজ।
তিনি বলেন, “জালনোট শুধু অর্থনৈতিক ক্ষতিই করে না, এটি দেশের আর্থিক ব্যবস্থার ওপর জনগণের আস্থা নষ্ট করে। এই অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষের সচেতন অংশগ্রহণ অত্যন্ত জরুরি।” বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ফিরুজুল ইসলাম এবং কুড়িগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম। তারা বলেন, জালনোট চক্র অত্যন্ত সংঘবদ্ধভাবে কাজ করে, তাই তথ্যভিত্তিক সচেতনতা ও দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের বিকল্প নেই।
আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংক, রংপুর-এর যুগ্ম পরিচালক আব্দুল্লাহ-আল-মামুন। তিনি জালনোট শনাক্তকরণের কৌশল, নিরাপত্তা বৈশিষ্ট্য এবং সন্দেহজনক নোট পাওয়া গেলে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনালী ব্যাংক পিএলসি, প্রিন্সিপাল অফিস কুড়িগ্রামের ডেপুটি জেনারেল ম্যানেজার মামুনুর রশিদ হেলালী। তিনি বলেন, “ব্যাংকিং খাত একা এই সমস্যা মোকাবিলা করতে পারবে না। জনগণকে সম্পৃক্ত করেই জালনোটের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
” অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সোনালী ব্যাংক কুড়িগ্রাম শাখার কর্মকর্তা সফুরা পারভীন। কর্মশালায় বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়ী, শিক্ষক, মুক্তিযোদ্ধা, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা জালনোট প্রতিরোধে নিয়মিত এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম চালুর দাবি জানান।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।