তাড়াশে ভ্রাম্যমাণ আদালতে ২টি গরুবোঝাই লছিমন জব্দ, চালককে জরিমানা
খালিদ হাসান, তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে অবৈধভাবে গরুবোঝাই লছিমন গাড়ি দিয়ে চলাচলের দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই চালককে জরিমানা ও গাড়ি দুটি জব্দ করা হয়েছে। সোমবার (৪ নভেম্বর) দুপুরে তাড়াশ পৌরসদরে উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
জরিমানাপ্রাপ্ত চালকরা হলেন—নাটোরের গুরুদাসপুর উপজেলার শ্রীরামপুর গ্রামের মৃত মেহের আলীর ছেলে শফিকুল ইসলাম (৫৮) ও একই উপজেলার হাসমাড়ি গ্রামের মকবুল প্রামাণিকের ছেলে মোকলেসুর রহমান (৪২)। সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৮৯(২) ধারায় শফিকুল ইসলামকে ১ হাজার ৫০০ টাকা এবং মোকলেসুর রহমানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
অনাদায়ে উভয়কে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। উপজেলা প্রশাসন জানায়, দীর্ঘদিন ধরে প্রতি শনিবার ও মঙ্গলবার পার্শ্ববর্তী চান্দাইকোনা হাটে যাওয়ার উদ্দেশ্যে তাড়াশ পৌরসভার ভেতর দিয়ে বেপরোয়া গতিতে গরুবোঝাই লছিমন গাড়ি চলাচল করছে। সম্প্রতি এসব গাড়ির চাপায় পাঁচজন নিহত হওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। এ ঘটনায় তাড়াশের সচেতন নাগরিকরা বিক্ষোভ মিছিল করে উপজেলা প্রশাসনের কাছে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে স্মারকলিপি দেন।
এরপর থেকে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ যৌথভাবে অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান শুরু করে। তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউর রহমান বলেন, “তাড়াশ পৌর এলাকা জনবহুল। আমরা চালকদের বিকল্প মান্নাননগর সড়ক দিয়ে চলাচলের নির্দেশ দিয়েছি।
কিন্তু কেউ কেউ তা উপেক্ষা করছে।” তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান বলেন, “অবৈধভাবে লছিমন চলাচলের অপরাধে দুইজনকে জরিমানা করা হয়েছে। জননিরাপত্তা নিশ্চিতে এ অভিযান অব্যাহত থাকবে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।