আলফাডাঙ্গায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষে দুর্গাপূজার শুভেচ্ছা উপহার বিতরণ
আলমগীর কবির, ফরিদপুর প্রতিনিধি: আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ফরিদপুরের আলফাডাঙ্গায় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে আলফাডাঙ্গা কেন্দ্রীয় শ্রী শ্রী হরি মন্দির প্রাঙ্গণে একটি মতবিনিময় সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি আলহাজ্ব খন্দকার নাসিরুল ইসলাম উপস্থিত ছিলেন। তিনি উপজেলার ৪৩টি পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে প্রায় দেড় লক্ষ টাকার শুভেচ্ছা উপহার তুলে দেন।
বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, আলফাডাঙ্গা উপজেলা ও পৌর শাখা কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের উপজেলা শাখার সভাপতি মানবেন্দ্র সাহা এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক বিদ্যুৎ কুমার বিশ্বাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল মান্নান মিয়া আব্বাস, সাবেক সদস্য সচিব নূরুজ্জামান খসরু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির এবং বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, বোয়ালমারি উপজেলা শাখার সভাপতি সঞ্জয় সাহা। এছাড়াও, আলফাডাঙ্গা পূজা উদযাপন কমিটির সভাপতি প্রবীর কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক প্রকাশ কুমার কুন্ডু, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মিয়া হাসিবুল হাসান, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক বাসারুল বারি,যুগ্ম আহ্বায়ক ইস্রাফিল মোল্লা সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে খন্দকার নাসিরুল ইসলাম বলেন, বিএনপি সব সময় অসাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাসী এবং প্রতিটি ধর্ম ও ধর্মাবলম্বীর প্রতি শ্রদ্ধাশীল। দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, এটি একটি সার্বজনীন উৎসব।” তিনি আরও যোগ করেন যে, তারেক রহমান দেশের সব ধর্মীয় জনগোষ্ঠীর প্রতি সমানভাবে শ্রদ্ধাশীল এবং যেকোনো প্রয়োজনে তাদের পাশে থাকার জন্য সর্বদা সচেষ্ট।
নাসিরুল ইসলাম আরও বলেন, আমরা চাই এই উৎসব সবার জন্য আনন্দময় ও নিরাপদ হোক। বিএনপি সবসময় সব ধর্মের মানুষের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি এবং অন্যান্য অতিথিবৃন্দ দুর্গাপূজার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং উৎসবের সাফল্য কামনা করেন। তারেক রহমানের পক্ষ থেকে পাঠানো এই শুভেচ্ছা উপহার ও মতবিনিময় সভাটি আলফাডাঙ্গার সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বেশ ইতিবাচক সাড়া ফেলেছে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।