পরিস্থিতির উন্নতি হলে তো পদত্যাগের প্রশ্ন আসবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

সংবাদের আলো ডেস্ক: দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির বিষয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আমি জনগণকে নিয়ে যেভাবেই হোক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করব। তারা যে কারণে পদত্যাগ করতে বলছে, সেই পরিস্থিতির উন্নতি করতে পারলে তো পদত্যাগের প্রশ্ন আসবে না। রবিবার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে রাজধানীর বারিধারার ডিওএইচএসে নিজ বাসায় জরুরি সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা টহল টিমকে কঠোরভাবে নির্দেশ দিয়েছি। তারা যদি কাজ করতে না পারে, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। আমরা কাউকে কোনোভাবে ছাড় দেব না। শিক্ষার্থীরা আপনার পদত্যাগ দাবি করছেন, আপনিও কী তাই ভাবছেন— এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, তারা চায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সেটার জন্য যা করা দরকার আমি করব। তাহলে তো আর পদত্যাগের কোনো প্রশ্নই আসে না। দেশের এমন পরিস্থিতিতে যেন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়, আমি সেই ব্যবস্থা করছি। আগের চেয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে, সামনে আরও উন্নতি হবে।
তিনি বলেন, আওয়ামী লীগ ও তার দোসররা দেশকে অস্থিতিশীল করার জন্য সবধরনের চেষ্টা করে যাচ্ছে। যেহেতু তারা প্রচুর টাকা দেশ থেকে স্থানান্তর করেছে, ওই টাকা এখন তারা ব্যবহার করছে। তবে আমরা এটা কোনও অবস্থাতেই করতে দেবো না। দেশের বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকার সজাগ ও সচেতন আছে উল্লেখ করে সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যারা এসব করছেন, তাদের ঘুম আমি হারাম করে দেবো। তারা কোথাও স্থান পাবে না। যেভাবে হোক, দুষ্কৃতিকারীদের প্রতিহত করার ঘোষণা দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘দিনে-রাতে যেখানে আমাদের বাহিনীর প্রয়োজন হবে, তারা সেখানে যাবে এবং সেখানে প্রতিহত করবে।’



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।