গোপালগঞ্জের মানুষ আ.লীগকে ধর্মের মতো মনে করে: রাশেদ খাঁন
সংবাদের আলো ডেস্ক: গোপালগঞ্জের মানুষ আওয়ামী লীগকে ধর্মের মতো মনে করে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। এ অঞ্চলের পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধৈর্য ধরে কৌশলী ভূমিকা পালনের পরামর্শও দিয়েছেন তিনি। রোববার (১৫ নভেম্বর) বিকেলে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন রাশেদ খাঁন।
পোস্টে তিনি লেখেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের ‘লংমার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে আওয়ামী লীগের চার সমর্থক নিহত হন। এ ঘটনায় অনেকে আহতও হন। তবে বিএনপি সরকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে একজনও নিহত হোক, তা চায় না। গোপালগঞ্জের বর্তমান পরিস্থিতি নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক সহকারী। তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
রাশেদ খাঁন আরও বলেন, একটি নির্বাচিত সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধে প্রতিশ্রুতিবদ্ধ। তাই এই সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অন্য কোনো সরকারের মতো বেপরোয়া হতে পারে না।
পোস্টে সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদের প্রসঙ্গও টানেন তিনি। রাশেদ খাঁন লেখেন, সংবাদমাধ্যমে তিনি দেখেছেন, আসিফ মাহমুদ দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নিতে চান। এ প্রসঙ্গে তিনি প্রশ্ন তোলেন, গোপালগঞ্জে পরিস্থিতি উত্তপ্ত হওয়ার সময় প্রাণরক্ষার জন্য নাহিদ ইসলাম, আখতার হোসেন, নাসিরউদ্দিন, হাসানাত ও সারজিসসহ এনসিপির শীর্ষ নেতাদের সেনাবাহিনীর সাঁজোয়া যান (এপিসি) ব্যবহার করে ঢাকায় ফিরতে হয়েছিল, সেই ঘটনা কি আসিফ মাহমুদ ভুলে গেছেন?
ওই সময় দলের নেতাকর্মীরা সেনাবাহিনীর হেলিকপ্টার পাঠিয়ে নাহিদ ইসলামদের উদ্ধারের আহ্বান জানিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছিলেন বলে উল্লেখ করেন তিনি।
সবশেষে গোপালগঞ্জকে আওয়ামী লীগের ‘তীর্থভূমি’ হিসেবে উল্লেখ করে রাশেদ খাঁন বলেন, এখানকার মানুষ আওয়ামী লীগকে ধর্ম মনে করে। তাই এ অঞ্চলের মানুষের চিন্তাভাবনায় পরিবর্তন আনতে ধৈর্য ও কৌশলের সঙ্গে ভূমিকা পালনের বিকল্প নেই।


সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।