পার্শ্ববর্তী দেশ থেকে নাশকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে: রিজভী
সংবাদের আলো ডেস্ক: বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, পতিত আওয়ামী লীগ পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন ও উসকানি দিয়ে দেশের ভেতরে নাশকতা ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে।
আজ রবিবার (১৫ নভেম্বর) সকালে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি বলেন, পতিত শেখ হাসিনার দণ্ড হয়েছে। তিনি দেশে ফিরে এলে তার দণ্ড বহাল থাকবে এবং কার্যকর করা হবে। তিনি বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিহত করতে প্রশাসনকে সহযোগিতা করবেন বিএনপির নেতা-কর্মীরা।
রুহুল কবির রিজভী বলেন, আওয়ামী লীগের পতন হলেও তাদের ফ্যাসিবাদী শক্তি এখনো থেমে নেই। তারা দেশের ভেতরে ও বাইরে থেকে গোপনে নাশকতা চালাচ্ছে। বিভিন্ন স্থানে গাড়িতে আগুন দেওয়া, বোমাবাজি এবং সড়ক, মহাসড়ক ও রেলপথে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দিয়ে শেখ হাসিনার অনুসারীরা গার্মেন্টস খাতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। এমনকি তাদের মালিকানাধীন গার্মেন্টস কারখানাগুলোতে শ্রমিকদের প্রবেশে বাধা দিয়ে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে।
দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে নিজেদের স্বার্থ হাসিলের অপচেষ্টা কখনো সফল হবে না উল্লেখ করে রুহুল কবির রিজভী বলেন, নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিরা প্রতিদিনই গ্রেপ্তার হচ্ছে।
এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আশা করেন- ঢাকা মহানগর উত্তর বিএনপি সাংগঠনিকভাবে আরও শক্তিশালী ও গতিশীল হবে।


সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।