কামারখন্দে সরকারি রাস্তার গাছ কাটার অভিযোগ পুলিশ সদস্য ও তার ভাইয়ের বিরুদ্ধে
খাইরুল ইসলাম, কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কামারখন্দে সরকারি রাস্তার গাছ কাটার অভিযোগ উঠেছে এক পুলিশ সদস্য ও তার ভাইয়ের বিরুদ্ধে। জানা গেছে, উপজেলার চৌবাড়ী পশ্চিম পাড়া থেকে ঈদগাহ মাঠ সরকারি রাস্তার শহিদুল ইসলাম ও তার ভাই পুলিশ কনস্টেবল ইসমাইল হোসেনের বাড়ীর সামনে চারটি ইউক্লিপটাস গাছ কাটার ঘটনা ঘটেছে।
স্থানীয়রা জানান, গ্রামবাসী ওই রাস্তাটি পুনরুদ্ধার করবে এমন বিষয়টি জানাজানি হলে তরিঘরি করে পুলিশ কনস্টেবল ইসমাইল হোসেনের সঙ্গে পরামর্শে বাড়ীতে থাকা তার ভাই শহিদুল ইসলাম গাছগুলো কর্তন করে। পরে বিষয়টি সহকারি কমিশনার (ভূমি) এর কার্যালয়কে অবগত করে এলাকাবাসী। রাজশাহী আদালতে কর্মরত পুলিশ কনস্টেবল ইসমাইল হোসেন জানান, যে গাছগুলো কাটা হয়েছে সেই গাছগুলোও আমার, জায়গাও আমার।
এলাকার কিছু উশৃঙ্খল ছেলে এই সমস্যা তৈরি করছে। ওই রাস্তার জায়গা মাপ দেওয়ার আগে গাছগুলো কাটা হয়েছে। অভিযুক্ত শহিদুল ইসলাম জানান, গাছগুলো যে সরকারি রাস্তায় পড়েছে আমার জানা ছিলো না। সহকারি কমিশনার (ভূমি) আব্দুল্লা আল মামুন জানান, সরকারি সড়কের গাছগুলো কাটার বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে। এব্যাপারে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।


সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।