শাহজালালে দুই কর্মীর জুতা থেকে ১৬ কোটি টাকার সোনা উদ্ধার
সংবাদের আলো ডেস্ক: ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুই কর্মীর জুতা থেকে ৮০টি সোনার বার উদ্ধার করা হয়েছে।
রবিবার (৪ অক্টোবর) কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি) ওই দুই কর্মীকে হেফাজতে নেওয়ার কথা জানায়। তাৎক্ষণিকভাবে আটকদের নাম জানা যায়নি।
সংস্থার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সিআইআইডির কর্মকর্তারা এদিন ঢাকার শাহজালাল বিমানবন্দরে সতর্ক অবস্থান নেন।
দুবাই থেকে আসা এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট রানওয়ের যে স্থানে অবস্থান করছিল, সেখান থেকে ওই দুই বিমানকর্মীর জুতার ভেতরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৮০টি সোনার বার উদ্ধার করা হয়।
প্রতিটি বারের ওজন প্রায় ১১৭ গ্রাম। উদ্ধার করা সোনার মোট ওজন প্রায় ৯ কেজি ৩৪০ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ১৬ কোটি ২৫ লাখ টাকা।
সিআইআইডি জানিয়েছে, বিমানকর্মীদের জুতায় স্বর্ণবার লুকিয়ে চোরাচালানের সঙ্গে কারা জড়িত, সোনাগুলো কোথা থেকে এসেছে এবং কার কাছে পৌঁছানোর কথা ছিল এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।