বিমানে হাতাহাতির ঘটনায় ইসরায়েলের সব ফ্লাইট স্থগিত ফ্লাই-দুবাইয়ের
সংবাদের আলো ডেস্ক: ফ্লাইটের ককপিটে হাতাহাতির ঘটনার পর ইসরায়েলগামী ও ইসরায়েল থেকে ছেড়ে যাওয়া সব ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করেছে দুবাইভিত্তিক এয়ারলাইনস ফ্লাইদুবাই। কর্তৃপক্ষের তদন্ত চলাকালে এই স্থগিতাদেশ বহাল থাকবে বলে জানিয়েছে এয়ারলাইনসটি। খবর গালফ বিজনেসের।
বুধবার (৩০ সেপ্টেম্বর) ফ্লাইদুবাইয়ের এফজেড১০৭৩ ফ্লাইটে এই ঘটনা ঘটে। ফ্লাইটটি দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে যাচ্ছিল।
ফ্লাইদুবাই জানায়, ঘটনার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ইসরায়েলের সঙ্গে সব ফ্লাইট সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। যাত্রী ও ক্রুদের নিরাপত্তাই তাদের প্রধান অগ্রাধিকার বলেও জানিয়েছে এয়ারলাইনসটি।
তারা আরও জানায়, তারা সরকারি কর্তৃপক্ষ, নিয়ন্ত্রক সংস্থা ও বিমানবন্দর সংশ্লিষ্টদের সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয় করছে। আরও তথ্য পাওয়া গেলে ফ্লাইট স্থগিতের বিষয়টি পর্যালোচনা করা হবে।
চলমান তদন্তে পূর্ণ সহযোগিতার পাশাপাশি নিজেদের নেটওয়ার্কে সর্বোচ্চ নিরাপত্তা মান বজায় রাখার প্রতিশ্রুতিও জানিয়েছে প্রতিষ্ঠানটি। ফ্লাইট বাতিলের কারণে ক্ষতিগ্রস্ত যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করে ফ্লাইদুবাই জানায়, সম্ভব হলে তাদের সহায়তা ও বিকল্প ভ্রমণ ব্যবস্থা দেওয়ার চেষ্টা করা হচ্ছে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।