,

শিরোনাম

রুবিওর সঙ্গে বৈঠক করতে ওয়াশিংটনে সৌদি পররাষ্ট্রমন্ত্রী

সংবাদের আলো ডেস্ক: যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও’র সঙ্গে বৈঠক করতে ওয়াশিংটনে পৌঁছেছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান।  সোমবার (২৮ সেপ্টেম্বর) তার যুক্তরাষ্ট্র সফরের কথা জানিয়েছে সৌদি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা।

সৌদি সংবাদ সংস্থাটি জানিয়েছে, বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করবেন ফয়সাল বিন ফারহান ও মার্কো রুবিও।

এদিকে, সৌদি আরব ও ইয়েমেনের ইরান-সমর্থিত হুতিদের মধ্যে সাম্প্রতিক সময়ে উত্তেজনা আরও বেড়েছে। এর মধ্যেই সৌদি পররাষ্ট্রমন্ত্রীর ওয়াশিংটন সফরকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

চলতি মাসে, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ইরান-সমর্থিত হুতিদের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছিলেন। তবে ওয়াশিংটন সরাসরি হামলা চালাতে সম্মত হয়নি।

যদিও সৌদি সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছে, হুতিদের বিরুদ্ধে অভিযানে গোয়েন্দা তথ্য ও লক্ষ্যবস্তু নির্ধারণে সহায়তা দেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্র সম্মতি জানিয়েছিল।

এরপরই ইয়েমেনের হুতিদের ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও দুটি ড্রোন প্রতিহত করার কথা জানায় সৌদি নেতৃত্বাধীন জোট। সৌদি আরবের দিকে এসব ক্ষেপণাস্ত্র ও ড্রোন পাঠানো হয়েছিল বলে দাবি করে জোটটি।

সৌদি নেতৃত্বাধীন জোট সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া একাধিক পোস্টে জানায়, হুতিদের ছোড়া দুটি ক্ষেপণাস্ত্র সৌদি আরবের খামিস মুশাইত শহরের দিকে এবং দুটি ড্রোন রাজধানী রিয়াদের দিকে যাচ্ছিল।

জোটটি আরও জানায়, সৌদি আরবের দিকে ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোনের হুমকি তারা পর্যবেক্ষণ করছে। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেওয়া হয়নি।

এদিকে, রাতভর খামিস মুশাইত ও আবহা এলাকার বাসিন্দাদের সতর্কবার্তা পাঠিয়েছিল সৌদি আরবের সিভিল ডিফেন্স। তবে রাজধানী রিয়াদের জন্য কোনো সতর্কতা জারি করা হয়নি।

সৌদি পররাষ্ট্রমন্ত্রীর ওয়াশিংটন সফরের সময়েই হুতিদের সঙ্গে দেশটির উত্তেজনা নতুন করে বেড়ে যাওয়ায় রুবিওর সঙ্গে বৈঠকে ইয়েমেন পরিস্থিতি ও আঞ্চলিক নিরাপত্তা ইস্যু গুরুত্ব পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়