,

শিরোনাম

নিষিদ্ধ দলের তৎপরতা চোখে পড়া জাতির ব্যর্থতা: শেখ রবিউল আলম

সংবাদের আলো ডেস্ক: সড়ক পরিবহন, সেতু, নৌ-পরিবহন ও রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, “নিষিদ্ধ কোনো সংগঠনের তৎপরতা দৃশ্যমান হওয়া কাম্য নয়। একটি নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম যদি প্রকাশ্যে চোখে পড়ে, সেটি জাতির জন্যও ব্যর্থতার বিষয়।”

মঙ্গলবার (২৩ জুন) বেলা ১১টার দিকে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার বাসাইল ইউনিয়নের চরগুলগুলিয়া গ্রামে ধলেশ্বরী নদীর ওপর নির্মিত রেলসেতুর ঢাকা প্রান্তের ভায়াডাক্টের নিচে বাংলাদেশ রেলওয়ের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, “নিষিদ্ধ দল নিয়ে আমি মন্তব্য করতে চাই না। একসময় তারা একটি রাজনৈতিক দল ছিল। কিন্তু জনআকাঙ্ক্ষার বিপরীতে অবস্থান নেওয়া এবং জনগণের প্রতিপক্ষ হিসেবে ভূমিকা রাখার কারণে তারা আজ পরিত্যক্ত, জনগণ কর্তৃক বর্জিত এবং সর্বশেষ নিষিদ্ধ হয়েছে। নিষিদ্ধ মানেই নিষিদ্ধ।”

তিনি আরও বলেন, “কোনো রাজনৈতিক দলের বৈধতা জনগণ দেয়। জনগণের আন্দোলন ও গণঅভ্যুত্থানের ফলেই দলটি আজ নিষিদ্ধ হয়েছে। জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে এবং আইনগতভাবেও তারা নিষিদ্ধ ঘোষিত হয়েছে। তাই এ বিষয়ে আর মন্তব্য না করাই শ্রেয়।”

এসময় তিনি সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের অধীন অব্যবহৃত জমি চিহ্নিত করে সৌরবিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনার কথাও তুলে ধরেন। তিনি জানান, বিভিন্ন মন্ত্রণালয়ের আওতাধীন জমিগুলো আয়তন অনুযায়ী শ্রেণিবিন্যাস করা হচ্ছে। বিশেষ করে তিন একরের বেশি আয়তনের জমিতে সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

মন্ত্রী বলেন, “তিন একরের বেশি জমিতে প্রায় এক মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব। এসব জায়গায় সোলার প্যানেল স্থাপন করে উৎপাদিত বিদ্যুৎ স্থানীয়ভাবে ব্যবহার করা হবে এবং উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে।”

অনুষ্ঠানে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী, মুন্সিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহ, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়