‘আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর স্থানীয় সরকার নির্বাচনের তারিখ চূড়ান্ত’
সংবাদের আলো ডেস্ক: বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও কর্তৃপক্ষের সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) আগামী বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) প্রস্তুতি সভায় স্থানীয় সরকার নির্বাচনের তফসিল চূড়ান্ত হবে।
আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
ইসি সচিব বলেন, ‘আমরা ১৭ সেপ্টেম্বর অংশীজন যারা আছেন, বিভিন্ন মন্ত্রণালয়ে ও যারা নির্বাচন ভোট গ্রহণ কার্যক্রমের সঙ্গে সরাসরি জড়িত তাদের নিয়ে আমরা একটা মিটিং করবো। এই মিটিংয়ের পরে কমিশন যে ইনপুট পাবে সেই ইনপুটের ভিত্তিতে কমিশন (স্থানীয় সরকার নির্বাচন) তফসিল চূড়ান্ত করবেন।’
ইসি সচিব বলেন, ওইদিন আবারও আপনাদেরকে এ বিষয়ে আপডেট তথ্য জানানো হবে। মিটিংয়ে ইনপুট পাওয়ার পরেই কমিশনই এ বিষয়ে ব্রিফ করবে।
উল্লেখ্য, স্থানীয় সরকার নির্বাচন ও ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচন উপলক্ষে আগামী বৃহস্পতিবার বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও কর্তৃপক্ষের সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার দুপুর ২টা ৩০ মিনিটে আগারগাঁও নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য সভায় নির্বাচন কমিশনারগণ উপস্থিত থাকবেন।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।