৩০ বছর পর কুড়িগ্রাম রেড ক্রিসেন্টে সোসাইটির ভোট উৎসব
খালেক পারভেজ লালু, কুড়িগ্রাম প্রতিনিধি: প্রায় তিন দশক পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কুড়িগ্রাম ইউনিটের কার্যনির্বাহী কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন। দীর্ঘ ৩০ বছর পর পছন্দের প্রার্থীকে বেছে নিতে পেরে স্থানীয় ভোটার ও সদস্যদের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ।কুড়িগ্রাম রেড ক্রিসেন্ট কার্যালয়ে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে চলে বিকেল ৪টা পর্যন্ত। ১৯৯৬ সালের পর আর কোনো নির্বাচন না হওয়ায় এই নির্বাচনকে ঘিরে স্থানীয়দের মধ্যে ছিল উপচে পড়া ভিড়। প্রবীণ সদস্যরা জানান, দীর্ঘদিন পর ভোটাধিকার প্রয়োগ করতে পেরে তারা অত্যন্ত আনন্দিত।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, কার্যনির্বাহী কমিটির ৭টি পদের বিপরীতে মোট ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবারের নির্বাচনে প্রধানত দুটি প্যানেল অংশ নিয়েছে। এর মধ্যে বিএনপি সমর্থিত শামসুল-মোস্তফা প্যানেল থেকে ৭ জন এবং এনসিপি সমর্থিত জামায়েত চৌধুরী-মুকুল মিয়া প্যানেল থেকে ৪ জন প্রার্থী লড়ছেন।
এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৬৬৫ জন। সকাল থেকেই ভোটাররা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে রেড ক্রিসেন্ট ভবন ও এর আশেপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ নজরদারি ছিল।
এই গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে রেড ক্রিসেন্ট কুড়িগ্রাম ইউনিটের কার্যক্রমে নতুন নেতৃত্ব তৈরি হবে এবং সংগঠনের কার্যক্রমে গতিশীলতা আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।