,

শিরোনাম

আশুলিয়ায় শিশু রামিসা হত্যা মামলার দ্রুত বিচারের দাবিতে শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ

স্টাফ রিপোর্টার: ঢাকার আশুলিয়ায় শিশু রামিসা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটি (NGWU)।

শুক্রবার (২২ মে) সকাল সাড়ে ১০টার দিকে আশুলিয়ার বাইপাইল মোড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন কারখানার শ্রমিক, শ্রমজীবী মানুষ, নারী ও মানবাধিকার কর্মীরা অংশ নেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মোঃ ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক ফাতেমা আক্তার, আশুলিয়া থানা কমিটির সভাপতি নাজমুল হকসহ শ্রমিক নেতা মিজানুর রহমান, মাসুদ রানা সুলতান, দুলালী আক্তার, মনছুর আলী, বেসিক ইউনিয়নের সভাপতি শফিক উদ্দিন, সাধারণ সম্পাদক স্বপন আলী, তানিয়া আক্তার ও ঝর্না আক্তার।

মানববন্ধনে বক্তারা বলেন, শিশু হত্যা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। বিচারহীনতার সংস্কৃতির কারণে দেশে একের পর এক শিশু নির্যাতন ও হত্যার ঘটনা ঘটছে। শিশু রামিসার হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

তারা আরও বলেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। কিন্তু ধারাবাহিক শিশু হত্যা প্রমাণ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হচ্ছে। এ অবস্থায় শ্রমজীবী মানুষ আর নীরব থাকবে না।

মানববন্ধন থেকে বক্তারা কয়েকটি দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে রয়েছে শিশু রামিসার হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দ্রুত বিচার নিশ্চিত করা, শিশু হত্যা-নির্যাতন ও ধর্ষণের ঘটনায় বিশেষ ট্রাইব্যুনাল গঠন, শিশুদের নিরাপত্তায় কার্যকর রাষ্ট্রীয় পদক্ষেপ গ্রহণ এবং বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা।

কর্মসূচি শেষে একটি বিক্ষোভ মিছিল বাইপাইল এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা “শিশু হত্যার বিচার চাই”, “বিচারহীনতার অবসান চাই”সহ বিভিন্ন স্লোগান দেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়