পাবনায় র্যাবের অভিযানে বিদেশি রিভলভার-পিস্তলসহ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ১
পাবনা প্রতিনিধি: পাবনার সদর উপজেলায় র্যাব-১২-এর অভিযানে একটি বিদেশি রিভলভার, একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড কার্তুজ ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং অপর এক আসামির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। র্যাব-১২, সিপিসি-২ পাবনার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অধিনায়ক র্যাব-১২, সিরাজগঞ্জের নির্দেশনায় শুক্রবার (২৬ জুন) বিকেল ৫টা ৪০ মিনিটে কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার ওয়াহিদুজ্জামান (এস), বিএন-এর নেতৃত্বে একটি আভিযানিক দল পাবনা সদর উপজেলার দোগাছী ইউনিয়নের দ্বীপচর এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানকালে দ্বীপচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে র্যাবের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করেন। এ সময় র্যাব সদস্যরা একজনকে আটক করতে সক্ষম হলেও অপর ব্যক্তি কৌশলে পালিয়ে যান। গ্রেপ্তার ব্যক্তি হলেন রাব্বী (২৫)। তিনি পাবনা সদর উপজেলার দোগাছী ইউনিয়নের দ্বীপচর মোল্লাপাড়া এলাকার মো. সিদ্দিক মোল্লার ছেলে। তার কাছ থেকে একটি বিদেশি রিভলভার ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
পরে গ্রেপ্তার আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার চর ঘোষপুর চালাকপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় অভিযুক্ত মো. জব্বার প্রামানিক (৪৫) পালিয়ে যান। তার বিরুদ্ধে পাবনা সদর থানায় এজাহার দায়ের করা হয়েছে বলে জানিয়েছে র্যাব। গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পাবনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব জানায়, অবৈধ অস্ত্র, মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং এ বিষয়ে জনসাধারণের সহযোগিতা কামনা করেছে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।