কামারখন্দে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা
কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কামারখন্দে গরুর খামার থেকে আব্দুল আলীম (৪০) নামের এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৫ মে) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার চর বড়ধুল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল আলীম ওই গ্রামের মৃত ওমর সরকারের ছেলে। চর বড়ধুল ৩নং ওয়ার্ড মেম্বার মিলটন সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, আব্দুল আলীম দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। প্রায় সাত বছর ধরে তিনি অসুস্থ ছিলেন এবং এর আগেও আত্মহত্যার চেষ্টা করেছিলেন।
মঙ্গলবার দুপুরে খাবার খেয়ে বাড়ি থেকে বের হয়ে যান তিনি। পরে বিকেল তিনটার দিকে খবর পাওয়া যায়, উপজেলার সাবেক ইউপি চেয়ারম্যান আলতাফ হোসেন ঠান্ডুর গরুর খামারের একটি ভবনের রডের সঙ্গে গরুর রশি দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাঁর মরদেহ ঝুলতে দেখা যায়।
পরিবার ও এলাকাবাসী তার মরদেহ উদ্ধার করে। নিহত আব্দুল আলীম চার কন্যাসন্তান রেখে গেছেন। কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাশমত আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।