সোমবার, ৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

রায়গঞ্জে শিক্ষার্থী মুনিয়ার মৃত্যুর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ, দায়ীদের ফাঁসির দাবি

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে স্কুলছাত্রী আন-নিছা খাতুন মুনিয়ার (১৫) মৃত্যুর ঘটনায় দায়ীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  সোমবার (৪ মে) সকাল ১১টার দিকে উপজেলার চান্দাইকোণা বহুমুখী উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। মুনিয়া ওই বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিলেন।

মানববন্ধনে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, বেসরকারি উন্নয়ন সংস্থা ও সচেতন নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন। এ সময় বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মুকিত, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিরাজগঞ্জ জেলা শাখার আহ্বায়ক দীপক কুমার কর, ‘নিজেরা করি’ রাজশাহী বিভাগীয় প্রশিক্ষক ইদ্দিস আলী, রায়গঞ্জ আঞ্চলিক শাখার সমন্বয়ক আসাবুর রহমান, উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অনিক কুমার কর, রায়গঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মুক্তাদির, ছাত্রনেতা ফয়সাল বিশ্বাস ও ছাত্রী মিহি। বক্তারা অভিযোগ করেন, মুনিয়াকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়া হয়েছে।

তাঁরা দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি, বিশেষ করে ফাঁসির দাবি জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা। মানববন্ধন শেষে নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা মুনিয়ার বাড়িতে গিয়ে তার লেখা অন্তিম চিরকূট এবং পরিবারের সদস্যদের বক্তব্য সংগ্রহ করেন। উল্লেখ্য, গত ১ মে বিকেলে নিজ ঘরে একটি চিরকূট লিখে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে মুনিয়া।

চিরকূটে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে একজনের নাম উল্লেখ ছিল বলে জানা গেছে। পুলিশ মরদেহের সঙ্গে চিরকূটটি উদ্ধার করলেও এখনো কাউকে গ্রেপ্তার না করায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ঘটনার বিচার ও অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে শিক্ষার্থী ও এলাকাবাসী এ মানববন্ধনের আয়োজন করে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়