চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়কে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩
সংবাদের আলো ডেস্ক: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি জাঙ্গালিয়া এলাকায় টিয়ার এক্স নামের একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে লোহাগাড়া রেঞ্জার অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, দ্রুতগতিতে চলাচলরত মাইক্রোবাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিনজন প্রাণ হারান।
দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় এলাকাবাসীর সহায়তায় উদ্ধার অভিযান শুরু করেন। আহতদের উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
স্থানীয়রা অভিযোগ করেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের এ অংশটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সড়কের বিভিন্ন স্থানে ভাঙন, বেহাল অবস্থা এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা না থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আইনশৃঙ্খলা বাহিনী দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে।
চিরিংগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফুল আমিন বলেন, দুর্ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। এছাড়া আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। নিহতদের ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয় সচেতন মহল দ্রুত মহাসড়ক সংস্কার, ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে নিরাপত্তা বেষ্টনী স্থাপন এবং যানবাহনের গতি নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।