‘শিখন ঘাটতি’ পূরণে ১০ শনিবার খোলা থাকবে প্রাথমিক বিদ্যালয়
সংবাদের আলো ডেস্ক: রোজার ছুটি শেষে শ্রেণি কার্যক্রম শুরুর পর দশটি শনিবার বিদ্যালয় খোলা রাখার নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। রমজান মাসজুড়ে বিদ্যালয় ছুটি ঘোষণা করায় শিক্ষার্থীদের যে ‘শিখন ঘাটতি’ হয়েছে, তা পূরণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৪ মার্চ) প্রাথমিক শিক্ষা অধিদফতরের উপপরিচালক মো. জয়নাল আবেদীনের সই করা এক আদেশে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের এ বিষয়ে ব্যবস্থা নিতে বলা হয়েছে।
অফিস আদেশে বলা হয়, রমজান মাসজুড়ে বিদ্যালয় ছুটি ঘোষণা করায় শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে রমজানের ছুটির পরে বিদ্যালয়সমূহে শ্রেণি কার্যক্রম শুরুর পরবর্তী ১০টি শনিবার সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে পাঠদান কার্যক্রম পরিচালনা করার জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নির্দেশনা দিয়েছে। এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ করা হলো।
গত ৮ মার্চ থেকে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে রমজান ও ঈদুল ফিতরের ছুটি শুরু হয়। ছুটি শেষে আগামী ২৯ মার্চ পুনরায় শ্রেণি কার্যক্রম চালু হওয়ার কথা রয়েছে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।