জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশকে সমর্থন তুরস্কের
সংবাদের আলো ডেস্ক: জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রতি সমর্থন জানিয়েছে তুরস্ক। বৃহস্পতিবার (১২ মার্চ) প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন সৌজন্য সাক্ষাৎ করে এই সমর্থনের কথা জানান। প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাদের এই সাক্ষাৎ হয়েছে।
পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাক্ষাৎকালে উভয়পক্ষই নিজেদের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করার উপায় নিয়ে ফলপ্রসূ আলোচনা করেন।
বাংলাদেশে ও তুরস্কের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, প্রতিরক্ষা সহযোগিতা, শিক্ষা ও সংস্কৃতি বিনিময়, প্রযুক্তি ও অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়।
এছাড়া, আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন ইস্যু, বিশেষ করে মুসলিম বিশ্বের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা, মানবিক সহযোগিতা এবং আন্তর্জাতিক মঞ্চে পারস্পরিক সমর্থন জোরদারের বিষয়েও আলোচনা হয়।
পাশাপাশি পারস্পরিক শ্রদ্ধা, আস্থা ও সহযোগিতার ভিত্তিতে দুই দেশের জনগণের কল্যাণে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।