বুধবার, ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

খালেদা জিয়ার দেখানো পথ ধরেই এগিয়ে যাবে বিএনপি: রিজভী

সংবাদের আলো ডেস্ক: বেগম খালেদা জিয়ার আদর্শ ও তার দেখানো পথ ধরেই বিএনপি এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, বেগম খালেদা জিয়ার আদর্শ, জনগণকে দেওয়া তার অঙ্গীকার ও তার দেখানো পথ ধরেই বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনগুলো এগিয়ে যাবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানও বাবা-মায়ের আদর্শ ধারণ করে দেশকে নতুন দিগন্তের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

আজ শনিবার (৩ জানুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। জাতীয়তাবাদী মহিলা দল এই শ্রদ্ধা নিবেদনের কর্মসূচি আয়োজন করে।

তিনি বলেন, এই যাত্রার মূল লক্ষ্য হলো সেই আদর্শকে ধারণ করা, যার জন্য তিনি (খালেদা জিয়া) দীর্ঘ ৪০-৪৫ বছর নিরন্তর সংগ্রাম করে গেছেন।

রুহুল কবির রিজভী বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সাড়ে চার দশকের এক অনবদ্য রাজনৈতিক প্রতিষ্ঠান হিসেবে বর্ণনা করা হয়েছে; যিনি গোটা জাতিকে স্বৈরাচারী ও ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে গণতন্ত্রের জন্য লড়াই করতে উদ্বুদ্ধ করেছেন। তিনি দেখিয়েছেন কীভাবে জনগণের পাশে থাকতে হয় এবং অনেক সংকট ও হুমকির মুখেও জনগণকে ছেড়ে না যাওয়ার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।

তিনি বলেন, ফ্যাসিস্টরা তাকে মিথ্যা মামলা দিয়ে সাজা প্রদান করে কারাগারে প্রেরণ করেছিল। তিনি পায়ে হেঁটে কারাগারে প্রবেশ করলেও সেখানে তার ওপর চক্রান্ত ও ষড়যন্ত্র করা হয়েছে। কেন এই নেত্রী তিলে তিলে মৃত্যুর মুখে পতিত হলেন তা আজ গোটা জাতির কাছে একটি বড় প্রশ্ন। যে নেত্রীকে একসময় পায়ে হেঁটে কারাগারে যেতে দেখা গিয়েছিল, পরে তিনি হুইল চেয়ারে করে সেখান থেকে বের হন এবং দিনের পর দিন তাকে হাসপাতালেই কাটাতে হয়েছে।

রিজভী বলেন, তাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার চক্রান্ত থাকলেও তার অটুট মনোবল, ধৈর্য এবং সাহস ছিল প্রবল। তার জানাজায় মানুষের যে অভূতপূর্ব জনস্রোত দেখা গেছে, তার মাধ্যমে এটিই প্রতীয়মান হয় যে আল্লাহ তাকে গৌরবান্বিত করেছেন। তার বিরুদ্ধে অনেক কুরুচিপূর্ণ ও নোংরা কথা বলা হলেও তিনি তার সৌজন্যবোধের মাধ্যমে প্রমাণ করেছেন যে, যারা এমন কথা বলে তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে।

বিএনপির এই নেতা বলেন, বেগম খালেদা জিয়া জাতীয়তাবাদী মহিলা দলকে অত্যন্ত ভালোবাসতেন এবং বর্তমানের এই নেতৃত্বও তার হাতেই তৈরি। বিএনপি, মহিলা দল এবং সব অঙ্গসংগঠন তার দেখানো আদর্শ, নৈতিকতা এবং অঙ্গীকারের পথ ধরে এগিয়ে যাবে। তার দেখানো পথে চললেই দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সমুন্নত রাখা সম্ভব হবে।

এ সময় মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের নেতৃত্বে মহিলা দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়