সোমবার, ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

২০২৭ সাল পর্যন্ত টেস্টের নেতৃত্ব শান্তর কাঁধে

সংবাদের আলো ডেস্ক: বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক হিসেবে আবারও দায়িত্ব পাচ্ছেন নাজমুল হোসেন শান্ত। ২০২৭ সাল পর্যন্ত এই দায়িত্ব সামলাবেন তিনি।

শনিবার (১ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, ২০২৫-২০২৭ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্রের শেষ পর্যন্ত টেস্ট দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন নাজমুল।

গত জুনে শ্রীলঙ্কার বিপক্ষে ইনিংস ব্যবধানে হারের পর হঠাৎ করেই টেস্ট অধিনায়কের দায়িত্ব ছাড়ার ঘোষণা দেন শান্ত। এরপর থেকে বাংলাদেশ আর কোনো টেস্ট না খেলায় নতুন অধিনায়ক নিয়োগের বিষয়টি অনিশ্চিত ছিল। অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আবারও লাল বলের নেতৃত্বে ফিরছেন শান্ত।

২০২৩ সালে প্রথমবারের মতো টেস্ট দলের নেতৃত্ব পান নাজমুল। এখন পর্যন্ত তিনি ১৪টি টেস্ট ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন। তার অধীনে বাংলাদেশ দল পাকিস্তানের বিপক্ষে ওদেরই মাঠে দুটি টেস্ট জিতেছে। সব মিলিয়ে নাজমুলের নেতৃত্বে ৪ টেস্টে জয় পেয়েছে বাংলাদেশ, ড্র করেছে ১টি, হেরেছে ৯টি।

গত বছর তিন সংস্করণেই বাংলাদেশের অধিনায়ক ছিলেন নাজমুল। টি-টোয়েন্টিতে ব্যাট হাতে সময় ভালো না যাওয়ায় এ বছরের শুরুতে সেই সংস্করণের নেতৃত্ব থেকে নিজেই সরে যান। এরপর গত জুনে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে হুট করেই নাজমুলকে ওয়ানডে নেতৃত্ব থেকেও সরিয়ে দেয়া হয়। এই ঘটনার রেশ ধরে নাজমুল টেস্ট সংস্করণের অধিনায়কত্বও ছাড়ার ঘোষণা দিয়েছিলেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়