বান্দরবানে কেএনএফের প্রশিক্ষণ ঘাঁটিতে সেনাবাহিনীর অভিযান, অস্ত্র উদ্ধার
আব্দুল আওয়াল আলিফ, বান্দরবান জেলা প্রতিনিধি: বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় সশস্ত্র সংগঠন কুকিচিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) একটি প্রশিক্ষণ ঘাঁটিতে অভিযান চালিয়ে বিভিন্ন অস্ত্র ও সামরিক সরঞ্জাম উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
বুধবার (৩ সেপ্টেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
আইএসপিআর জানায়, এর আগে ২৫ জুলাই থেকে ২৬ আগস্ট পর্যন্ত প্রায় একমাস রুমার সীমান্তবর্তী রেং ত্লাং এলাকায় বিশেষ সামরিক অভিযান পরিচালনা করে সেনাবাহিনী। ওই অভিযানে কেএনএ (বম পার্টি)-র একটি প্রশিক্ষণ ঘাঁটি চিহ্নিত করা হয় এবং সেখানে ব্যাপক তল্লাশি চালানো হয়।
অভিযানকালে প্রশিক্ষণে ব্যবহৃত কাঠের রাইফেল, স্নাইপার অস্ত্রের সিলিং, সামরিক বেল্ট, কার্তুজ বেল্ট, পোচ, ইউনিফর্ম, বুট, কম্বল, ওয়াকিটকি চার্জার, সোলার প্যানেল, রসদসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এছাড়া ঘাঁটির প্রশিক্ষণ মাঠ, ফায়ারিং রেঞ্জ, পরিখা এবং কৌশলগত স্থাপনাগুলো দখলে নেয় সেনাবাহিনী।
আইএসপিআর আরও জানায়, পার্বত্য চট্টগ্রামে সব জাতিগোষ্ঠীর নিরাপত্তা রক্ষায় সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও সশস্ত্র সংগঠনগুলোর বিরুদ্ধে কঠোর অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, ২০২২ সালে রুমা উপজেলায় কেএনএফের অস্তিত্ব প্রকাশ্যে আসে। সংগঠনটি বম, পাংখোয়া, লুসাই, খিয়াং, খুমি ও ম্রো জনগোষ্ঠীর সমন্বয়ে গঠনের কথা বলা হলেও বর্তমানে এতে বম সম্প্রদায়ের কিছু সদস্য সক্রিয় রয়েছে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।