গণ-অভ্যুত্থান দিবসে আলফাডাঙ্গায় ইসলামী দলগুলোর বিজয় র্যালি: ঐক্যের ডাক
আলমগীর কবির, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ঐতিহাসিক গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় সমমনা ইসলামিক দলগুলোর উদ্যোগে এক বর্ণাঢ্য বিজয় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এই র্যালি ও সভায় বক্তারা দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে ইসলামী দলগুলোকে সব ধরনের ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার (৫ আগস্ট) সকালে আলফাডাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে শেষ হয়। র্যালিতে ইসলামিক আন্দোলন বাংলাদেশ, জমিয়তে উলামায়ে ইসলাম, জামায়াতে ইসলামী, খেলাফত মজলিসসহ বিভিন্ন দলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। তাদের হাতে ছিল গণ-অভ্যুত্থানের তাৎপর্য এবং ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার দাবিতে বিভিন্ন স্লোগান সম্বলিত ফেস্টুন ও ব্যানার।
ঐতিহাসিক প্রেক্ষাপট এবং ইসলামী রাজনীতির ভূমিকা র্যালি পরবর্তী আলোচনা সভায় ক্বওমী ওলামা পরিষদের আলফাডাঙ্গা উপজেলা শাখার সভাপতি ও ফরিদপুর জেলা শাখার সহ সভাপতি মাওলানা মুফতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আলফাডাঙ্গা উপজেলা ক্বওমি ওলামা পরিষদের প্রধান উপদেষ্টা মাওলানা তামিম আহমেদ মিলন বলেন, গণ-অভ্যুত্থান জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং আওয়ামী লীগ সরকারের পতন এক ঐতিহাসিক মাইলফলক। তিনি আরও বলেন, এই অর্জিত বিজয়কে ধরে রাখতে এবং দেশের জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে ইসলামিক দলগুলোর ঐক্য অপরিহার্য। তিনি সকল ভেদাভেদ ভুলে দেশ ও জাতির কল্যাণে এক ছাতার নিচে আসার আহ্বান জানান।
জনগণের অধিকার প্রতিষ্ঠাই মূল লক্ষ্য অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামিক আন্দোলন বাংলাদেশের ফরিদপুর-১ আসনের সংসদ পদপ্রার্থী ও জেলা সহ-সভাপতি ওলিয়ার রহমান রাসেল, জমিয়তের এমপি পদপ্রার্থী মুফতি জাকির হোসেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি এস এম হাফিজুর রহমান, খেলাফত মজলিসের মুফতি ইবাদত হোসেন, এবং খেলাফত যুব মজলিসের মুফতি ইলিয়াস হোসেন। বক্তারা গণ-অভ্যুত্থানের গুরুত্ব এবং সমকালীন রাজনীতিতে ইসলামী দলগুলোর দায়িত্বশীল ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং ইসলামি মূল্যবোধ সমুন্নত রাখতে এ ধরনের আন্দোলন অপরিহার্য।
এ সময় বক্তারা বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি প্রত্যাশা ব্যক্ত করে বলেন, এই সরকারের অধীনে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে, যেখানে জনগণের ভোটের অধিকার নিশ্চিত হবে। একই সাথে তারা দেশের সকল ইসলামী দলকে এই গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও শক্তিশালী করার জন্য একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা আমিনুল্লাহ সাহেব, খেলাফত মজলিসের সভাপতি মুফতি ইবাদত হোসেন এবং খেলাফত যুব মজলিসের সভাপতি মুফতি ইলিয়াস হোসেন,ইসলামী শাসনতন্ত্র আন্দোলন আলফাডাঙ্গা উপজেলা শাখার সহ সভাপতি হাদী জসীম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব মুফতি কুতুবউদ্দিন ফরিদি সহ ইসলামী সমমনা দলের বিভিন্ন এলাকা থেকে আগত দলীয় নেতাকর্মীরা।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।