বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবিতে শাহবাগে অবরোধ

সংবাদের আলো ডেস্ক: জুলাই সনদের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবস্থান নিয়েছেন জুলাই যোদ্ধারা। ‘জুলাই যোদ্ধা সংসদ’ ব্যানারে এই অবরোধ করেন তারা। এতে শাহবাগ মোড় ও এর আশপাশের সব সড়কে যানজটের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে শাহবাগ মোড়ে জড়ো হন তারা। এদিন জুলাই যোদ্ধারা হাতে লাল-সবুজ পতাকা নিয়ে জুলাই সনদের দাবিতে শাহবাগে অবস্থান করতে দেখা যায়। মূলত এখনো জুলাই সনদ না হওয়ায় তারা আন্দোলনে নেমেছেন।

জানা গেছে, আন্দোলনের নেতৃত্বে রয়েছেন জুলাই যোদ্ধা সংসদের সিনিয়র যুগ্ম সদস্য সচিব আশিকুল ইসলাম ও প্লাটফর্মের সমন্বয়ক মাজহারুল ইসলাম আপন।

এদিকে অবরোধের কারণে শাহবাগের চারিদিকে রাস্তায় যান চলাচল বন্ধ রয়েছে। বর্তমানে শাহবাগ মোড়ে উত্তেজনাপূর্ণ পরিবেশ বিরাজমান এবং পর্যাপ্ত আইন-শৃঙ্খলা বাহিনী শাহবাগ মোড়ে অবস্থান করছে।

এ সময় তাঁরা ‘জুলাই নিয়ে টালবাহানা, চলবে না চলবে না’, ‘জুলাই সনদ দিতে হবে, দিতে হবে, দিতে হবে’ স্লোগান দিতে থাকেন।

অবরোধকারীদের দাবিগুলোর মধ্যে রয়েছে- জুলাই শহীদ ও জুলাই যোদ্ধাদের স্বীকৃতি, শহীদ পরিবার ও আহতদের আজীবন সম্মান, চিকিৎসা, শিক্ষা ও কল্যাণের পূর্ণ নিশ্চয়তা প্রদান করা, শহীদ পরিবার ও আহতদের প্রতি দায়িত্ব গ্রহণ করা, আহতদের সকল চিকিৎসা, পুনর্বাসন, কর্মসংস্থান ও কল্যাণমূলক ব্যয় রাষ্ট্রকে বহন করা, আহত ও শহীদ পরিবারের জন্য আজীবন সম্মানজনক ভাতা নিশ্চিত করা, শহীদ পরিবার ও আহতদের জন্য বিশেষ আইনি সুরক্ষা ও সহায়তা কেন্দ্র গঠন করা, শহীদ ও আহতদের ওপর সংঘটিত দমন-পীড়নের জন্য দায়ীদের বিরুদ্ধে আন্তর্জাতিক মানদণ্ডে বিচারকার্য সম্পন্ন করা এবং একটি স্বাধীন সত্য ও ন্যায় কমিশন গঠন করা।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়