সোমবার, ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

বান্দরবানে শহীদ জিয়া সংসদের অফিস ভাংচুর, ককটেল বিস্ফোরণ

সংবাদের আলো ডেস্ক: বান্দরবানে শহীদ জিয়া সংসদের অফিস ভাংচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রবিবার দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে পৌর এলাকার ৭ নং ওয়ার্ড আর্মি পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শহীদ জিয়া স্মৃতি সংসদের অফিসের কাঁচের জানালা, দরজা, টেবিল ও চেয়ার ভাঙা হয়েছে। অফিসের টেলিভিশনসহ গুরুত্বপূর্ণ আসবাবপত্র ভাংচুর করা হয়েছে। তছনছ করা হয়েছে অফিসের সাইনবোর্ড, সেই সাথে বিএনপির শীর্ষ নেতাদের ছবিগুলো নষ্ট করা হয়।

এলাকাবাসীরা জানান, রাত আনুমানিক সাড়ে ৩ টার দিকে কয়েকজন মুখোশ পরিহিত ব্যক্তি এসে অফিসটি ভাংচুর করে। তারা ঘটনা সংঘটিত করতে মাত্র ২০-২৫ মিনিট সময় ব্যয় করে। ঘটনার সময় অফিসের পাশে বসবাসরত স্থানীয়রা চিৎকার করলে তারা এলাকায় আতঙ্ক সৃষ্টির জন্য একটি ককটেল বিস্ফোরণ করে পাড়ার শাহাবুদ্দিনের বাসার সামনের গলি দিয়ে দৌড়ে পালিয়ে যায়। তারা আরো বলেন, ঘটনাস্থলের সড়কগুলোতে থাকা বিভিন্ন বাসার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হলে ঘটনার রহস্য উন্মোচন করা সম্ভব হবে।

স্থানীয় বিএনপির নেতাকর্মীদের অভিযোগ, শহীদ জিয়া স্মৃতি সংসদের এই অফিসটি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের কিছু ব্যক্তি দখল করার চেষ্টা করছিল। অফিসটি দখল করার জন্যই এই ঘটনা ঘটিয়েছে। এই সময় ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

এই বিষয়ে বান্দরবান সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ পারভেজ জানান, ঘটনার তদন্ত চলছে, এ ঘটনার সঙ্গে যারাই জড়িত, তাদের কোনো ছাড় দেওয়া হবে না।

প্রসঙ্গত, বঙ্গবন্ধু স্মৃতি সংসদ নামে অফিসটি বছরের পর বছর ধরে চলে আসলেও ৫ আগস্ট সরকার পতনের সময় অফিসটি ব্যাপক ভাংচুর করা হয়। পরে বিএনপির নেতাকর্মীরা শহীদ জিয়া স্মৃতি সংসদ নামে অফিসটি ব্যবহার করে আসছিল, আর ২য় দফায় অফিসটি ফের ভাংচুর করা হলো।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়