বিদেশে পালানোর সময় বিমানবন্দরে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

সংবাদের আলো ডেস্ক: বিদেশে পালানোর সময় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক মীর রাব্বিউল ইসলাম সীমান্তকে বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে দেশত্যাগের চেষ্টাকালে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মীর রাব্বিউল ইসলাম সীমান্ত পাবনা পৌর এলাকার নয়নামতি এলাকার মোকাররম হোসেনের ছেলে। বিষয়টি নিশ্চিত করে পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, দুপুরে তাকে ঢাকা বিমানবন্দরে গ্রেপ্তার করে আমাদের জানানো হয়েছে। আমাদের একটি টিম ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে। গত ৪ আগস্ট পাবনা শহরে ছাত্র-জনতার ওপর হামলা এবং দুই শিক্ষার্থীকে হত্যার ঘটনায় তার নামে হত্যা মামলা রয়েছে। পাবনায় এনে তাকে আদালতে প্রেরণ করা হবে।
প্রসঙ্গত, গত ৪ আগস্ট পাবনা শহরের আব্দুল হামিদ সড়কের ট্রাফিক মোড় এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতারা এলোপাতাড়ি গুলিবর্ষণ করেন। এতে ঘটনাস্থলেই জাহিদুল ইসলাম (১৯) ও মাহবুব হাসান নিলয় (১৪) নামে দুই শিক্ষার্থী নিহত হন এবং অসংখ্য শিক্ষার্থী গুলিবিদ্ধ হন। এ ঘটনায় দুটি মামলাতেই সীমান্ত আসামি। এরপর থেকেই তিনি পলাতক ছিলেন।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।