দীর্ঘদিন পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, তাপমাত্রা কমার আভাস
সংবাদের আলো ডেস্ক: দীর্ঘদিন পর বৃষ্টির দেখা পেয়েছেন রাজধানীবাসী। সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে বিদ্যুৎ চমকানোর সঙ্গে রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়। পান্থপথ, ফার্মগেট, গ্রিন রোড, বাংলামোটর, কলাবাগান ও ধানমন্ডিসহ বিভিন্ন এলাকায় বৃষ্টির খবর পাওয়া গেছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিন দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এতে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। বিশেষ করে উত্তরাঞ্চলে রাতের তাপমাত্রা কমে শীতের আমেজ বাড়তে পারে।
সোমবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, বরিশাল, চট্টগ্রাম ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। মঙ্গলবারও প্রায় একই ধরনের আবহাওয়া থাকতে পারে। এদিন সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ২৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কক্সবাজারে। এ সময়ে সর্বোচ্চ তাপমাত্রা ছিল নেত্রকোনায় ৩৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তেঁতুলিয়ায় ১৫ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে রাজধানী ও পার্শ্ববর্তী এলাকায় সোমবার সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার পাশাপাশি হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সোমবার সন্ধ্যা ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ৫৬ শতাংশ। এদিন রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার ঢাকায় সূর্যোদয় ভোর ৬টা ১০ মিনিটে এবং সূর্যাস্ত বিকেল ৫টা ১৫ মিনিটে।


সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।