সিরাজগঞ্জে দুই প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা
সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সদর উপজেলার পিপুলবাড়িয়া বাজারে অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া ইলেকট্রিক পণ্য উৎপাদন ও বাজারজাতকরণ এবং শিশু খাদ্যের মোড়কে প্রয়োজনীয় লেবেল না থাকার দায়ে এ জরিমানা করা হয়।
বুধবার (৪ নভেম্বর) বেলা ১১টার দিকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সোহেল শেখ।
অভিযানকালে গ্যাস সিলিন্ডার, নিত্যপ্রয়োজনীয় পণ্য, ইলেকট্রিক পণ্য ও শিশু খাদ্যের দোকান তদারকি করা হয়। এ সময় বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া বাল্ব, সুইচ, সকেট ও হোল্ডার উৎপাদন ও বাজারজাতকরণ এবং উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম ও পূর্ণ ঠিকানা উল্লেখ না থাকার অপরাধে অনিক সুপার প্রা. লিমিটেডের মালিক মো. হেলাল উদ্দিনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া শিশু খাদ্যের মোড়কে প্রয়োজনীয় লেবেল না থাকায় মিমি স্টোরের মালিক মো. আব্দুল কাইয়ুমকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া গ্যাস সিলিন্ডারের বাজারদর ও সরবরাহ পরিস্থিতি তদারকি করা হয় এবং সরকার নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রির নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ও সরবরাহ পরিস্থিতিও পর্যবেক্ষণ করা হয়। অভিযানে স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।


সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।