হরমুজ দিয়ে ২০ লাখ ব্যারেল তেল পরিবহন, দাবি ইরাকের
সংবাদের আলো ডেস্ক: হরমুজ প্রণালি দিয়ে ২০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল পরিবহনের দাবি করেছে ইরাকি রাষ্ট্রীয় মালিকানাধীন অয়েল ট্যাংকার কোম্পানি। ক্রুড ক্যারিয়ার (ভিএলসিসি) জাহাজে করে এই তেল পরিবহন করা হয় বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স।
শনিবার (৩ অক্টোবর) কোম্পানিটির মহাপরিচালক, আলি কায়েস আবদুল জব্বার, এক বিবৃতিতে জানান, কয়েক দশকের মধ্যে এটিই হরমুজ প্রণালি দিয়ে কোম্পানিটির প্রথম এ ধরনের তেল পরিবহন কার্যক্রম।
এই উদ্যোগের ফলে ইরাকের রাষ্ট্রীয় তেল বিপণনকারী প্রতিষ্ঠান এসওএমওকে (এসওএমও) অপরিশোধিত তেল সরাসরি বসরার বন্দরে সরবরাহ ‘না’ করে হরমুজ প্রণালি দিয়ে পরিবহনের সুযোগ তৈরি হয়েছে।
আলি কায়েস আবদুল জব্বার বলেন, এই ব্যবস্থা চালুর ফলে ভালো দামে ও অনুকূল বাজার পরিস্থিতিতে তেল বিক্রির সুযোগ কাজে লাগাতে পারবে এসওএমও।
ইরাকের অয়েল ট্যাংকার কোম্পানি নিজস্ব বহর আরও বড় করার উদ্যোগও নিয়েছে। মহাপরিচালক জানান, অপরিশোধিত তেল পরিবহনের জন্য বিশেষায়িত ট্যাংকার কেনা এবং সেগুলোর মালিকানা নিজেদের হাতে নেওয়ার বিষয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি।
এর মাধ্যমে আঞ্চলিক শিপিং কোম্পানিগুলোর সঙ্গে প্রতিযোগিতার সক্ষমতা বাড়ানোর পাশাপাশি আন্তর্জাতিক তেল পরিবহন বাজারে ইরাকের অবস্থান আরও শক্তিশালী করার লক্ষ্য রয়েছে।
এর আগে, ইরাক, তার তেলবাহী ট্যাংকারগুলোকে হরমুজ প্রণালি দিয়ে চলাচলের জন্য ইরানের কাছ থেকে অনুমতি নিয়েছিল।
যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে ইরান কার্যত হরমুজ প্রণালি বন্ধ করে রেখেছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হওয়ায় এই প্রণালি দিয়ে তেল পরিবহনের সুযোগ পাওয়া ইরাকের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ।
নতুন এই পরিবহন ব্যবস্থার ফলে ইরাকের রাষ্ট্রীয় তেল বিপণনকারী প্রতিষ্ঠান এসওএমও আন্তর্জাতিক বাজারে ক্রেতা নির্বাচন ও বিক্রির ক্ষেত্রে আরও বেশি বিকল্প পাবে বলে জানিয়েছেন দেশটির অয়েল ট্যাংকার কোম্পানির মহাপরিচালক।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।