,

শিরোনাম

গুপ্তদলটি সব সময় দেশের মানুষের স্বার্থের বিরুদ্ধে দাঁড়িয়েছে

সংবাদের আলো ডেস্ক: জামায়াতে ইসলামীর প্রতি ইঙ্গিত করে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা দেখেছি দেশ স্বাধীনের সময় থেকে কীভাবে তারা দেশের স্বার্থের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। ৮৬ সালে আমরা দেখেছি কীভাবে গণতন্ত্রের বিপক্ষে তারা দাঁড়িয়েছিল। প্রত্যেকটি সময় আমরা দেখেছি এই গুপ্তবাহিনীর লোকজন, এই গুপ্তদলটি, সব সময় তারা দেশের মানুষের স্বার্থের বিরুদ্ধে দাঁড়িয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল ৩টার দিকে ফেনীর পরশুরামের ঘাটঘর এলাকায় ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (প্রথম পর্যায়)’ শীর্ষক প্রকল্পের উদ্বোধন শেষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

প্রধানমন্ত্রী বলেন,  সময় এসেছে দেশের গণতান্ত্রিক ধারাকে যে কোনো মূল্যে অব্যাহত রাখার। নির্বাচনের সময় আমরা দেখেছি গুপ্তবাহিনী কীভাবে দেশের মানুষকে বিভিন্ন টিকিট বিক্রির কথা বলে বিভ্রান্ত করতে চেয়েছিল। আজকে সময় এসেছে, এই বিভ্রান্তকারীদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। 

তিনি বলেন, বিএনপির কর্মসূচি জনগণের জন্য কর্মসূচি। বিএনপির কর্মসূচি জনগণের ভাগ্য উন্নয়নের কর্মসূচি। বিএনপির কর্মসূচি দেশের ভাগ্যের উন্নয়নের কর্মসূচি। আপনারা সমর্থন দিয়েছেন বলেই আজ বিএনপি মানুষের কল্যাণের জন্য যে সকল কর্মসূচি সেগুলো বাস্তবায়ন করছে।

প্রধানমন্ত্রী বলেন, এই কর্মসূচিকে যারা বাধগ্রস্ত করবে, এই কর্মসূচি আর বিএনপির কর্মসূচি নয়, ফ্যামিলি কার্ড আর বিএনপির কর্মসূচি নয়, কৃষক কার্ড বিএনপির কর্মসূচি নয়, নদী খনন খাল খনন বিএনপির কর্মসূচি নয়—এগুলো এখন দেশের মানুষের কর্মসূচি। কাজেই আসুন দেশের মানুষের কর্মসূচিকে বাস্তবায়ন করতে হলে আজকেই অরাজকতাকারী এবং ষড়যন্ত্রকারীদেরকে কঠোরভাবে জবাব দিতে হবে।

গণতন্ত্রের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, দেশ স্বাধীন হয়েছে আজকে অর্ধশতাব্দীর বেশি হয়ে গিয়েছে। এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হবে। এই পরিবর্তন যদি করতে হয়, তাহলে গণতন্ত্রকে অবশ্যই আমাদের চালু রাখতে হবে। একমাত্র গণতন্ত্রই নিশ্চিত করতে পারে দেশের মানুষের ভোটের অধিকার। দেশের মানুষের কাছে জবাবদিহিতাই একমাত্র নিশ্চিত করতে পারে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের রাজনীতি।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়