কালীগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
পঙ্কজ সরকার নয়ন, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: পরিকল্পিত সন্ত্রাস ও নাশকতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে গাজীপুরের কালীগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে কালীগঞ্জ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সোনালী ব্যাংক সংলগ্ন খোদেজা কমপ্লেক্স প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি এ কে এম ফজলুল হক মিলন বলেন, “বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর দেশ যখন উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছিল, তখন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন বিভিন্ন ধরনের অরাজকতা সৃষ্টি করছে।”
তিনি আরও বলেন, দেশের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল, যানবাহনে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি এবং স্বাভাবিক পরিস্থিতি ব্যাহত করার চেষ্টা করা হচ্ছে বলে তারা মনে করছেন।
ফজলুল হক মিলন বলেন, বাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না। দেশের শান্তি, শৃঙ্খলা ও জননিরাপত্তা বজায় রাখতে বিএনপির নেতাকর্মীরা রাজপথে রয়েছেন। আগামী দিনেও দেশের স্বার্থে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে তারা রাজপথে থাকবেন।
কালীগঞ্জ পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ হোসেন আরমান মাষ্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হুমায়ুন কবির মাষ্টার ও সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু।
পৌর বিএনপির সদস্য সচিব ইব্রাহিম প্রধানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. সোলেমান আলম, আশরাফী হাবিবুল্লাহ, মো. খায়রুল আহসান মিন্টুসহ অন্যরা। এছাড়া কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. লুৎফুর রহমানও উপস্থিত ছিলেন।
বিক্ষোভ মিছিলে নাগরী ইউনিয়ন বিএনপির সভাপতি রহিম সরকার, বাহাদুরশাদী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জয়নাল আবেদীন, জামালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মো. জয়নাল আবেদীন, তুমলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সিরাজ উদ্দিন সেরু, জাঙ্গালীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি নেছার আহমেদ নুহু, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশরাফ নেওয়াজ চৌধুরী শাওন, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইয়াছিন মোল্লাসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মিছিল চলাকালে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং দেশের শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।