ভূঞাপুরে প্রবাসীর জায়গা বেদখলের অভিযোগ
আখতার হোসেন খান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে পৌর শহরে প্রবাসী জায়গা বেদখলের অভিযোগ উঠেছে।
পৌরসভার বীরহাটি এলাকায় প্রবাসী সাদিকুন্নাহার তার জায়গা বাড়ি নির্মাণ করতে গেলে বাঁধা দিয়ে তার জমি বেদখল করে বাঁশের বেড়া লাগিয়ে দিয়েছে প্রতিবেশি কয়েকজন। এই ঘটনায় প্রতিকার চেয়ে ভুক্তভোগী প্রবাসির আত্মীয় থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানা যায়, আমেরিকা প্রবাসি সাদিকুন্নাহারের ক্রয়কৃত জমিতে বাড়ি নির্মাণ করছিলেন। পরে গত ২০ জুন প্রতিবেশি ফসলান্দি গ্রামের জাহিদুল ইসলাম, মোহাম্মদ আলী, আব্দুল খালিদসহ কয়েকজন নিজেদের জমি দাবী করে পাঁকা বাউন্ডারী ওয়াল ভেঙে বাঁশের বেড়া দেয়। এরআগে সাদিকুন্নাহার গত ২০১১ সালে ৫শতাংশ জমি কিনে সীমানা প্রাচীর নির্মাণ করেছিলেন। পরে প্রবাসির অনুপস্থিতিতে তার ভাই শিক্ষক কামরুজ্জামান সেখানে বাড়ি নির্মাণের কাজ করছিলেন।
এঘটনায় শিক্ষক কামরুজ্জামান বাদী হয়ে ভূঞাপুর থানায় জাহিদুল ইসলাম, মোহাম্মদ আলী, আব্দুল খালিদসহ কয়েকজনের নামে অভিযোগ দায়ের করেন।
শিক্ষক কামরুজ্জামান বলেন, কাজ বন্ধ করে বাউন্ডারী ওয়াল ভেঙে বাঁশ দিয়ে বেড়া দিয়ে রেখেছে। সেখানে কাজ শুরু করলে মেরে ফেলার হুমকী দিচ্ছে তারা।
অভিযুক্ত খালিদ বলেন, জায়গাটা তারা ভুলভাবে কিনে নিয়েছে ওই প্রবাসি। পাঁচ দাগ মিলে ৫শতাংশ জায়গা কিনেছে সে। তার একদাগ আমাদের জমির কিছু জায়গা রয়েছে।
ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম বলেন, জায়গা দখল নিয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। দুইপক্ষকেই কাগজপত্র নিয়ে আসতে বলা হয়েছে। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।