খলিলুর রহমানকে অভিনন্দন জানালেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার
সংবাদের আলো ডেস্ক: জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন, পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।
মঙ্গলবার (২ জুন) সামাজিক মাধ্যম ‘এক্স’-এ দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি এই অভিনন্দন জানান।

এতে ড. খলিলুর রহমানকে ‘প্রিয় ভাই’ উল্লেখ করে ইসহাক দার বলেন, তার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অভিজ্ঞতা থেকে তার ব্যাপক কূটনৈতিক দক্ষতা এবং বহুপাক্ষিকতার প্রতি দৃঢ় অঙ্গীকার সম্পর্কে গভীর আস্থা রয়েছে।
তিনি আরও বলেন, তার (ড. খলিল) অভিজ্ঞ নেতৃত্ব জাতিসংঘ সাধারণ পরিষদের কার্যক্রমকে সফলভাবে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একইসঙ্গে জাতিসংঘে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখা, বৈশ্বিক অভিন্ন অগ্রাধিকারগুলো এগিয়ে নেওয়া এবং সংলাপ, শান্তি ও টেকসই উন্নয়ন জোরদারে একসঙ্গে কাজ করার আশাবাদও ব্যক্ত করা হয়।
এছাড়া, জাতিসংঘ সাধারণ পরিষদের এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে ড. খলিলুর রহমানের সর্বাত্মক সাফল্য কামনা করেন ইসহাক দার।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।