দেড় সপ্তাহের মধ্যেই স্বাভাবিক হবে গ্যাস সরবরাহ: রিজভী
সংবাদের আলো ডেস্ক: আগামী এক থেকে দেড় সপ্তাহের মধ্যে মিল-কারখানাগুলোতে পর্যাপ্ত গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
আজ বুধবার (২ সেপ্টেম্বর) রাজধানীর ৩০০ ফিট এলাকায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে তিনি এ কথা জানান।
এসময় তিনি বলেন, বর্তমান জ্বালানি সংকট কেবল সরকারের কারণে সৃষ্টি হয়নি, এর পেছনে বৈশ্বিক বিভিন্ন কারণ রয়েছে। তবে সংকট নিরসনে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছে। বিশেষ করে শিল্পকারখানাগুলোতে জ্বালানি সরবরাহ স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
দেশে গ্যাস সংকটেরও নিরসন হবে বলে আশ্বাস দিয়ে তিনি বলেন, মহেশখালীর গ্যাস টার্মিনালের পরিস্থিতি ইতোমধ্যে অনেকটা স্বাভাবিক হয়ে এসেছে। শিগগিরই দেশের গ্যাস সংকটেরও নিরসন হবে। শিল্প ও কলকারখানাগুলো যাতে পর্যাপ্ত জ্বালানি পায়, সেই বিষয়ে সরকারের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিএনপির ভারপ্রাপ্ত এই মহাসচিব বলেন, আশা করছি, এর ফলে শিল্প উৎপাদন ও ব্যবসা-বাণিজ্যে বিদ্যমান সংকটও ধীরে ধীরে কমে আসবে।
রিজভী বলেন, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার জন্য সরকার ৪০ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে। জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় অর্থ বরাদ্দ ও কার্যক্রম গ্রহণ করছে।
দেশের জ্বালানি পরিস্থিতি নিয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, বর্তমান সংকটকে দীর্ঘস্থায়ী হতে দেওয়া হবে না। বৈশ্বিক পরিস্থিতির কারণে তৈরি হওয়া এই সংকট মোকাবিলায় সরকার কাজ করছে এবং পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা অব্যাহত রয়েছে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।