‘অন্য দেশের তুলনায় বাংলাদেশে এখনও তেলের দাম অনেক কম’
সংবাদের আলো ডেস্ক: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর জ্বালানি তেলের দাম সব দেশেই বাড়ানো হয়েছে। যে কয়টা দেশ একদম শেষ মুহূর্তে দাম বাড়িয়েছে বা যতটা সম্ভব বিলম্বিত করে দাম বেড়েছে তার মধ্যে বাংলাদেশ অন্যতম। তিনি দাবি করেন, অন্যান্য দেশের সাথে তুলনা করলে বাংলাদেশে এখনও তেলের দাম অনেক কম।
আজ সোমবার (১ জুন) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘করবী’ হলে প্রেস উইং আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, পার্শ্ববর্তী দেশ থেকে শুরু করে আঞ্চলিকভাবে আমাদের জ্বালানি তেলের দাম এখনও নিয়ন্ত্রণে রয়েছে। যার কারণে মূল্যস্ফীতি আমরা নিয়ন্ত্রণে রাখতে পেরেছি। সামগ্রিকভাবে বিশ্বের যে তেলের যোগান রয়েছে, যে সরবরাহ রয়েছে এবং তার সাথে যেভাবে মূল্য বৃদ্ধি করা হচ্ছে তার সঙ্গে সমন্বয় করে বাংলাদেশে হয়তো নীতিগতভাবে কিছুটা দাম বাড়ানো হয়েছে।
কারণ হিসেবে মাহদী আমিন বলেন, তেল তো আমাদের ইন্টারনাল প্রোডাকশন না, আমাদের গ্লোবাল ডিপেন্ডেন্সি রয়েছে। এটা ইম্পোর্ট এবং পরিবর্তিত পরিস্থিতির ওপর নির্ভর করছে। সুতরাং, অন্যান্য বিশ্বের সাথে তাল মিলিয়ে অন্যান্য দেশের সঙ্গে সামঞ্জস্য রেখেই যতটা সম্ভব সীমিত আকারে বাড়ানো হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার এসএম মাহফুজুল রহমান এবং প্রেস উইংয়ের সদস্যরা।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।