শনিবার, ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

দেশ গঠনের কাজে সবাইকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর

সংবাদের আলো ডেস্ক: নিজ নিজ অবস্থানে থেকে সবাইকে দেশ গঠনের কাজে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, আমরা অঙ্গীকার করি সমাজের সবাইকে বিভিন্নভাবে একে অপরের সাহায্য সহযোগিতা করবো। একজন নাগরিক হিসেবে যদি সবাই সবার নিজ নিজ অবস্থান থেকে একে অপরের প্রতি সহযোগিতা করি, তাহলেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই মৃত্যুবার্ষিকীতে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হবে।

‘আসুন আমরা আজকে সেই কাজটি করি। আমরা প্রত্যেকে যার যার অবস্থান থেকে চেষ্টা করি যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দেশ গঠনে কাজ করছে তাদেরকে সহযোগিতা করব। তাদের সাহায্য করবো একজন নাগরিক হিসেবে— যোগ করেন তিনি।

শনিবার (৩০ মে) দুপুরে রাজধানীর ইসিবি চত্বরে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত দুস্থদের মধ্যে কাপড় ও খাবার বিতরণ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। 

বিএনপি চেয়ারম্যান এ সময় বলেন, আজকের এই অনুষ্ঠান রাস্তার মধ্যে আয়োজন করা হয়েছে, দেখুন কত গাড়ি চলে, সমস্যা হয়ে যাচ্ছে। মানুষের কষ্ট হচ্ছে। সেজন্য আমরা প্রোগ্রামটি একটু সংক্ষিপ্ত করেছি। আজকে আর কথা বলাবো না। ইনশাআল্লাহ সাংগঠনিক কার্যক্রমের বিষয়ে আরেকদিন সভা সমাবেশ করব। সেদিন আমরা বসে ভালো করে সংগঠনকে কীভাবে আরো শক্তিশালী করা যায়, সেগুলো নিয়ে আলাপ-আলোচনা করব।

এরপর কুড়িল বিশ্বরোড এলাকায় আয়োজিত খাবার ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তারেক রহমান বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনীতি ছিল মানুষের পাশে দাঁড়ানো, মানুষকে সহযোগিতা করা এবং দেশ গঠন করা। শহীদ জিয়ার সেই আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনের কাজে নিজেকে নিয়োজিত করার শপথ নিন।

তারপর খিলগাঁওয়ে গিয়ে তিনি বলেন, মানুষের পাশে দাঁড়ানোর যে শিক্ষা শহীদ জিয়াউর রহমান আমাদের দিয়ে গেছেন, সেই শিক্ষা ধারণ করেই আমরা সমাজের অন্যায়-অবিচার দূর করতে চাই। রাজনৈতিক দল হিসেবে জনগণকে সঙ্গে নিয়ে দেশের উন্নয়ন ও মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করব। আমরা বিশ্বাস করি, বিএনপির সবচেয়ে বড় শক্তি জনগণ। তাদের সহযোগিতা, সমর্থন ও অংশগ্রহণ থাকলে দেশ গঠন এবং মানুষের কল্যাণে আমাদের দায়িত্ব আরও কার্যকরভাবে পালন করা সম্ভব হবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়