জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আইনের আওতায় আনা হবে: এসপি মাসুদ
সংবাদের আলো ডেস্ক: চট্টগ্রাম পুলিশ সুপার মাসুদ আলম বলেছেন, জঙ্গল সলিমপুরে আসলে সন্ত্রাসী যেই হোক, ইয়াসিন, রোকন বা অন্য কেউ—আমরা সবাইকেই শনাক্ত করার চেষ্টা করবো। কারা এর পেছনে আছে, তাদেরও চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।
সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর ক্যাম্পে সন্ত্রাসী হামলার পর, পাল্টা অভিযান পরিচালনা করছে যৌথবাহিনী। পরে সোমবার (২৫ মে) সাংবাদিকদের এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, এখানে বড় ধরনের আর্থিক স্বার্থ জড়িত রয়েছে। কোটি কোটি টাকার বিষয় এখানে। যাদের নিয়ন্ত্রণে ছিল, সেই সাম্রাজ্য হাতছাড়া হয়ে যাচ্ছে। হাতছাড়া হওয়ার আগেই তারা কিছুটা ঝাঁকুনি দিচ্ছে, এটাই স্বাভাবিক।
এসপি মাসুদ জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী মাঠে রয়েছে এবং সামনে আরও শক্তভাবে অবস্থান নেবে। আমাদের পিছু হটার কোনো সুযোগ নেই।
তিনি আরও বলেন, আমাদের মূল উদ্দেশ্যই হচ্ছে, এখানে আইনশৃঙ্খলা রক্ষা করা, এই জনপদে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসা, এখানে দেশের ভেতরে দেশ, রাষ্ট্রের ভেতরে রাষ্ট্র না বানাতে দেওয়া। এর জন্য যা যা করণীয় আমরা করবো।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।