রামিসা হত্যার বিচার: ঈদের ছুটিতেও খোলা থাকবে সংশ্লিষ্ট আদালত
সংবাদের আলো ডেস্ক: রাজধানীর পল্লবীতে ৮ বছরের শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার বিচারের জন্য ঈদের ছুটিতেও সংশ্লিষ্ট আদালত খোলা রাখার ব্যবস্থা করা হচ্ছে। আগামী ৫ থেকে ৭ দিনের মধ্যেই এই বিচারপ্রক্রিয়ার প্রাথমিক ধাপগুলো শেষ হতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।
আজ রবিবার (২৪ মে) সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘বিএসআরএফ সংলাপ’-এ তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, রামিসা ধর্ষণ ও হত্যা মামলার বিচারকাজ এগিয়ে নিতে ঈদের ছুটিতে সংশ্লিষ্ট আদালত খোলা রাখার বিষয়ে সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।
সাম্প্রতিক সময়ে শিশুধের ওপর বর্বরতার ঘটনা বেড়ে যাওয়ার বিষয়ে মন্ত্রী বলেন, এটি আসলে একটি সামাজিক অবক্ষয়। সামাজিক সংস্কার প্রয়োজন। কিছু অপসংস্কৃতি আমাদের সমাজে প্রভাব ফেলেছে। ধর্ষণের মাত্রা, তীব্রতা ও ধরন আমাদের সহ্যসীমার বাইরে।
এর আগে, আজ রবিবার (২৪ মে) দুপুরে ঢাকা মহানগর আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী জানান, ‘সরকার রামিসার ধর্ষণ ও হত্যার বিচার অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে। মামলাটির বিচারকাজ দ্রুত শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে। কাল থেকে ঈদুল আজহা ও পহেলা জুন থেকে ১৫ জুন পর্যন্ত নিম্ন আদালতগুলো অবকাশকালীন ছুটিতে যাচ্ছে। তবে রামিসার বিচার দ্রুত শেষ করতে ঈদের ছুটির পর শিশু ট্রাইব্যুনালের অবকাশকালীন ছুটি বাতিলের আলোচনা চলছে। তবে আদেশ না আশা পর্যন্ত সঠিক বলা যাচ্ছে না।’
এদিকে রবিবার (২৪ মে) সকাল সোয়া ১১টার পর তাদের আদালতে নেওয়া হয়। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের ঘটনায় দুপুরের পর সোহেল রানা ও তার স্ত্রীকে অভিযুক্তত করে আদালতে চার্জশিট জমা দেন তদন্ত কর্মকর্তা।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।