রামিসার বাসায় যাচ্ছেন প্রধানমন্ত্রী
সংবাদের আলো ডেস্ক: রাজধানীর পল্লবীতে ধর্ষণ ও হত্যার ঘটনায় নিহত ৮ বছর বয়সী শিশু রামিসার বাসায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২১ মে) রাতে পল্লবীতে রামিসার পরিবারের সাথে দেখা করবেন তিনি।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্র জানায়, সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেই বৈঠক শেষ করে রামিসার বাসায় যাবেন প্রধানমন্ত্রী।
এদিকে রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় আগামী সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে নির্দেশ দিয়েছেন বলে বৃহস্পতিবার জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বুধবার (২০ মে) নিহত রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন ঘটনার প্রধান আসামি সোহেল রানা। এছাড়া মামলার বিচার দ্রুত শেষ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।