অবৈধ অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানোর নির্দেশ শুভেন্দুর
সংবাদের আলো ডেস্ক: ২০১৯ সালের নাগরিকত্ব আইন সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট (সিএএ) পশ্চিমবঙ্গে কার্যকরের ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার (২০ মে) তার এ ঘোষণার ফলে ২০২৪ সালের ৩১ ডিসেম্বরের পর যারা ভারতে ঢুকেছেন, তারা সবাই অবৈধ বলে বিবেচিত হবেন।পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বুধবার নবান্নতে বিএসএফের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর এ কথা জানিয়েছেন। ওই অনুষ্ঠানে বিষয়টি বিস্তারিতভাবে ব্যাখ্যা করে শুভেন্দু বলেন, ভারত সরকার ২০২৫ সালের ১৪ মে একটি নির্দেশিকা পশ্চিমবঙ্গ সরকারকে পাঠায়। যারা অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী, তাদের সরাসরি বিএসএফের হাতে হস্তান্তর করার জন্য ওই নির্দেশিকা পাঠানো হয়েছিল। কিন্তু তৎকালীন পশ্চিমবঙ্গ সরকার কোনো ব্যবস্থা নেয়নি।
শুভেন্দু বলেন, ‘আজ (বুধবার) থেকে আমরা এই আইন কার্যকর করলাম। এর ফলে সিএএর অন্তর্ভুক্ত যারা…সিএএতে বলা আছে সাতটি সম্প্রদায় বা ধর্মপালন করা লোকদের কথা, যারা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের আওতায় আসবেন। যারা ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত এসেছেন, তাদের পুলিশ কোথাও হেনস্তা করতে পারবে না।’
অনুপ্রবেশকারীদের সন্ধান পাওয়া গেলে তাদের গ্রেপ্তার করা হবে বলে ঘোষণা দিয়েছেন শুভেন্দু। তিনি বলেন, ‘সিএএর আওতায় যারা নেই, তারা হলেন সম্পূর্ণভাবে অবৈধ অনুপ্রবেশকারী। তাদের সরাসরি রাজ্য পুলিশ গ্রেপ্তার করবে ও আটকাবে এবং বিএসএফের হাতে হস্তান্তর করবে। বিএসএফ বিডিআরের (বিজিবি) সঙ্গে কথা বলে তাদের ডিপোর্ট করার (ফেরত পাঠানোর) ব্যবস্থা করবে, অর্থাৎ ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট (চিহ্নিতকরণ, মুছে দেওয়া এবং ফেরত পাঠানো)। এই শব্দগুলো পশ্চিমবঙ্গ বিজেপির নির্বাচনি ইশতেহারেও ব্যবহার করা হয়েছে।
বিষয়টি সম্পর্কে পুলিশের মহাপরিচালক ও স্বরাষ্ট্রসচিবকে অবহিত করা হয়েছে বলে জানিয়ে শুভেন্দু বলেন, ‘পশ্চিমবঙ্গের সীমান্ত সন্নিহিত সমস্ত থানায় দেশের স্বার্থে এবং পশ্চিমবঙ্গের স্বার্থে এই আইন আমরা আজ থেকে কার্যকর করলাম।’



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।