মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

সংরক্ষিত নারী এমপিদের নিয়ে প্রধানমন্ত্রীর প্রথম সভা

সংবাদের আলো ডেস্ক: সরকারদলীয় সংরক্ষিত নারী আসনের সংসদ-সদস্যদের সঙ্গে সভা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৮ মে) বিকালে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে নারী সংসদ-সদস্যদের সংসদীয় দায়িত্ব ও জনসম্পৃক্ততা বৃদ্ধির মাধ্যমে জনগণের জন্য কাজ করার কৌশল নির্ধারণে গুরুত্বরোপ করেন প্রধানমন্ত্রী।

একই সঙ্গে জাতীয় সংসদের অধিবেশনের জন্য যথাযথ প্রস্তুতি গ্রহণ করা, সংসদ-সদস্যদের তথ্যনির্ভর বক্তব্য প্রদানের জন্য নিয়মিত পড়াশোনা ও সংসদীয় কার্যক্রম পর্যালোচনা করার পরামর্শ দেওয়া হয়।

এছাড়া সরকারি দলের সংশ্লিষ্ট আসনের নির্বাচিতদের সঙ্গে সমন্বয় করে এলাকায় উন্নয়নমূলক কর্মকাণ্ড জোরদার করার নির্দেশনাও দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সভায় অংশ নেওয়া সংসদ-সদস্যরা বলেন, সংরক্ষিত নারী আসনে শপথগ্রহণের পর প্রধানমন্ত্রীর সঙ্গে এটিই তাদের প্রথম সভা। সভায় তাদের দায়িত্ব, কর্তব্য এবং সংরক্ষিত আসনের ক্ষমতার পরিধি নিয়ে বিস্তারিত আলোচনা করেন সরকারপ্রধান।

সংসদে গঠনমূলক ও তথ্যনির্ভর বক্তব্য দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এজন্য আগামী সংসদ অধিবেশনের আগেই সংরক্ষিত নারী আসনের সদস্যদের প্রশিক্ষণ দেবে ক্ষমতাসীন দল বিএনপি।

এছাড়া যেসব আসনে জামায়াতের সংসদ-সংদস্য রয়েছেন, সেসব এলাকায় সংশ্লিষ্ট নারী সংসদ-সদস্যরা নির্বাচিত এমপির ন্যায় এলাকায় উন্নয়নমূলক কাজে সম্পৃক্ত হবেন।

সভায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর প্রথম বৈঠকে সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংরক্ষিত নারী আসনের সংসদ-সদস্য সেলিমা রহমান।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়